ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে অদৃশ্য প্রতিপক্ষ

আপডেট : ২৪ এপ্রিল ২০২৫, ০৩:৩৯ এএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘অদৃশ্য প্রতিপক্ষ ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে। তারাই বিএনপির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।’ সম্মিলিতভাবে এই ষড়যন্ত্র মোকাবিলা করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

গতকাল বুধবার রংপুর, নীলফামারী ও সৈয়দপুরের নেতাদের সঙ্গে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির ভার্চুয়াল বক্তব্যে তারেক রহমান এ আহ্বান জানান।

তারেক রহমান বলেন, ‘জুলুম করে বিএনপি জুলুমকারীদের অন্যায়ের প্রতিশোধ নিতে চায় না। তারা যা করেছে আমরা তা করতে চাই না। ৩১ দফা বাস্তবায়নই হবে সব জুলুম নির্যাতনের প্রতিশোধ। দেশ গঠনের জন্য জনগণকে ঐক্যবদ্ধ করাই এখন বিএনপির প্রধান কাজ। দেশের মানুষের জন্য কিছু করতে হলে তা বিএনপি করতে পারবে। দলের ওপর সাধারণ মানুষের যে আস্থা তা ধরে রাখতে হবে।’ এ সময় বিএনপির ৩১ দফা তৃণমূলের সবার কাছে পৌঁছে দিতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। ক্ষমতায় গেলে বিএনপি শিক্ষিত বেকারদের জন্য ভাতা প্রদানের উদ্যোগ নেওয়া, কৃষিকে আধুনিকায়ন ও কৃষকদের জন্য আলাদা ব্যবস্থা করার কথাও জানান এই নেতা।

বিকেলে নীলফামারী শিল্পকলা অডিটরিয়ামে যুক্ত হয়ে তারেক রহমান বলেন, ‘উদ্যোক্তা তৈরির জন্য বিএনপি যুবকদের পাশে থাকবে এবং উদ্যোক্তাদের পণ্য বিদেশি রপ্তানি করা হবে। এর ফলে দেশের চাহিদা যেমন মিটবে- তেমনি আন্তর্জাতিকভাবেও বাংলাদেশ সুনাম অর্জন করবে।’ বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক কমিটির আয়োজনে এ কর্মশালায় ৫শ বিভিন্ন পর্যায়ের নেতা অংশ নেন।

এর আগে সকালে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রাশেদা বেগম হিরা, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল ও সাইফ মাহমুদ জুয়েল। জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকারের সভাপতিত্বে ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শেফাউল জাহাঙ্গীর আলম শেপুর পরিচালনায় কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলম।

রংপুরের কর্মশালায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘বিএনপি ওপর জনগণ আস্থা রাখে। তারা মনে করে দেশ ও মানুষের জন্য কিছু করা সম্ভব হলে তা বিএনপিই করতে পারবে। তাই আমি বলছি, জনগণের আস্থা ধরে রাখতে হবে। বিএনপির ওপর অত্যাচার-নির্যাতনের প্রতিশোধ হবে ৩১ দফা বাস্তবায়ন। আমরা দেশ ও জনগণকে নিয়ে আলোচনা করেছি। এখন এটি আমাদের বাস্তবায়ন করতে হবে। আমার ওপর যে অত্যাচার-নির্যাতন হয়েছে, আমার মায়ের ওপর অত্যাচার হয়েছে, আমার ভাইকে হত্যা করা হয়েছে। আমি এসবের প্রতিশোধ নিতে চাই ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে।’

তিনি বলেন, ‘আপনারা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছেন। রাজপথে মিছিল, মিটিং, সংগ্রাম করেছেন। এবার জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে দেশ গঠনের জন্য। আজ থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত প্রতিটি কর্মী এই ৩১ দফার বার্তা চারদিকে ছড়িয়ে দেবেন। কর্মশালায় ৩১ দফার আলোচনা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মৎস্য দলসহ যারা শহীদ জিয়া ও খালেদা জিয়ার আদর্শকে ধারণ করে- তাদের মাঝে ছড়িয়ে দিতে হবে। তারা জনগণের কাছে সে বার্তা নিয়ে যাবে এবং জনগণকে ঐক্যবদ্ধ করবে।’

তিনি আরও বলেন, ‘আমরা টিভির টকশোতে, সরকারি ব্যক্তিদের কাছে, রাজনৈতিক দলের নেতাদের কাছে সংস্কার নিয়ে কথা শুনি। যেগুলো ৩১ দফার মধ্যে রয়েছে। কিন্তু আজকের আলোচনায় প্রান্তিক মানুষের চাওয়াগুলো উঠে এসেছে। এগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে। দলের শীর্ষনেতা বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান, খালেদা জিয়া দেশ পরিচালনার সুযোগ পাওয়ার পর তারা কিভাবে দেশের শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামোর উন্নয়ন, কৃষি উৎপাদন বাড়ানো যায় সেই কাজ করেছেন। বিগত ১৫ বছর স্বৈরাচার সরকার ক্ষমতাকে ধরে রাখতে নানা ট্যাগ দিয়ে জাতিকে বিভক্ত করে রাখার চেষ্টা করেছিল। জাতিকে এগিয়ে নিতে হলে চেষ্টা করতে হবে মতপার্থক্য কমিয়ে জাতিকে ঐক্যবদ্ধ রাখতে। কারণ জাতি বিভাজিত হলে দেশ এগিয়ে যেতে পারবে না।’

তিনি বলেন, ‘আমরা ধর্ম বিবেচনা করব না, বাংলাদেশি হিসেবে বিবেচনা করব এবং সকল ধর্মের মানুষের সম্প্রীতির দেশ গড়ে তুলব। দেশের প্রায় ৩ কোটি নারী-পুরুষ বেকার রয়েছে। এত মানুষকে বেকার রেখে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব হবে না। তাই কর্মসংস্থানের ক্ষেত্র বাড়াতে হবে। সমাজে অনেক গ্রহণযোগ্য ব্যক্তি রয়েছেন- যারা দেশের জন্য কাজ করতে চান। কিন্তু তারা রেগুলার রাজনীতিতে নেই। এমন শিক্ষক, সাংবাদিক, আইনজীবীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষকে সমাজের উন্নয়নে কাজ করার সুযোগ দেবে বিএনপি।’

রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামুর সভাপতিত্বে কর্মশালায় উদ্বোধনী বক্তব্য রাখেন, বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, প্রশিক্ষণ প্রদান করেন, বিএনপি মিডিয়া সেলের প্রধান অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আব্দুল্লাহ আল মামুন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু, গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক মোর্শেদ হাসান খান, সহআন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত