বিচারকের স্বাক্ষর জাল করে হলফনামা, রিমান্ডে আইনজীবীসহ ২ জন 

আপডেট : ২৪ এপ্রিল ২০২৫, ০৬:০২ পিএম

চট্টগ্রামে বিচারকের সই জাল করে ভুয়া হলফনামা তৈরির অভিযোগে করা মামলায় এক আইনজীবীসহ দুজনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আবু বকর সিদ্দিক এ রিমান্ড মঞ্জুর করেন।

অভিযুক্ত দুজন আসামি হলেন- আইনজীবী ফরহাদ উদ্দিন এবং কম্পিউটার অপারেটর সুমন দে।

বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা নগরের কোতোয়ালী থানার এসআই মো. আজহার বলেন, ‘বিচারকের নামে সিল বানিয়ে এবং তার স্বাক্ষর জাল করে হলফনামা তৈরির মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আসামি ফরহাদ উদ্দিন ও সুমন দে’কে ৭ দিনের হেফাজতে চেয়ে আবেদন করা হয়েছিল। আদালত দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।’

আদালত সূত্র জানায়, গত ১৮ মার্চ চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ারের সিল ও স্বাক্ষর জাল করে ভুয়া হলফনামা তৈরির অভিযোগে কোতোয়ালী থানায় একটি মামলা হয়। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের নাজির আবুল কালাম আজাদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় রোজী আক্তার নামে এক নারীর নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনকে আসামি করা হয়। জালিয়াতির মাধ্যমে যে ভুয়া হলফনামা তৈরি করা হয়, সেটা আসামি রোজী আক্তারের ওয়ারিশ সংক্রান্ত হলফনামা।

মামলার অভিযোগে বলা হয়- রোজী আক্তার নামের এক নারী ও অজ্ঞাতনামা আসামিরা জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের বিভিন্ন আদালতের পাঁচটি ভুয়া সিল, ৩টি ভুয়া স্বাক্ষর ও ক্রমিক নম্বর ব্যবহার করে জাল হলফনামা তৈরি করেছেন। গত ২২ মার্চ রোজী আক্তারকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার তথ্যের ভিত্তিতে আইনজীবী ফরহাদ উদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে নয়ন দে নামে আরও একজনকে গ্রেপ্তার করে পুলিশ।

জিজ্ঞাসাবাদে আইনজীবী ফরহাদ উদ্দিন পুলিশকে জানান, প্রয়োজনীয় কাগজ পাওয়ার পর তিনি কম্পিউটার দোকানি সুমন দে’র কাছে গিয়ে ৩০০ টাকা নন-জুডিশিয়াল স্ট্যাম্পে হলফনামা প্রিন্ট করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত