খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, খাদ্য গুদামে ধান দিতে এসে কোনো কৃষক হয়রানির শিকার হলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি এ বছর কৃষকদের কাছ থেকে বাড়তি দামে ধান কেনা হচ্ছে। যা অতীতে কেউ করেনি। গতকাল বৃহস্পতিবার সকালে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
খাদ্য উপদেষ্টা আরও বলেন, অন্তর্বর্তী সরকার কতদিন থাকবে সেটা প্রধান উপদেষ্টা ভালো জানেন এ বিষয়ে আমাকে কোনো প্রশ্ন করবেন না। আমাকে খাদ্য ও ভূমিসংক্রান্ত প্রশ্ন ছাড়া কোনো উত্তর দেব না।
এ সময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ।
এ ছাড়াও চলতি মৌসুমে জেলার ১২ উপজেলায় প্রায় ১০ লাখ কৃষক ১৩৭টি হাওরে ২ লাখ ২৩ হাজার ৪১০ হেক্টর জমিতে বোরো ধানের চাষাবাদ হয়েছে। যেখান থেকে ধান উৎপাদন হয়েছে ২ লাখ ২৩ হাজার ৪১০ হেক্টর। আর এখান থেকে চাল উৎপাদন হবে ৯ লাখ ২৪ হাজার ৪১৩ টন যার বাজারমূল্য প্রায় সাড়ে ৪ হাজার কোটি টাকা। তবে সরকার এ বছর এ জেলা থেকে ধান সংগ্রহ করবে ১৪ হাজার ৬৪৫ টন এবং সিদ্ধ চাল সংগ্রহ করবে ১৩ হাজার ৮১৬ টন।
