আড়িয়াল বিলে মাটি কাটা বন্ধে বসবে চেকপোস্ট : স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট : ২৬ এপ্রিল ২০২৫, ০৫:৪৪ পিএম

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আড়িয়াল বিলের বৈচিত্র যেন কোন অবস্থাতেই নষ্ট না হয়। সেই লক্ষ্যে চেষ্টা করা হচ্ছে। এ বিলের অবৈধ মাটি কেটে বিক্রি বন্ধে বসানো হবে চেকপোস্ট।

শনিবার (২৬ এপ্রিল) বিকেলে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার শ্রীধরপুর এলাকার আড়িয়াল বিলের ধান কাটা ও মাড়াই কার্যক্রম উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। 

এ সময় স্থানীয় কৃষকদের সঙ্গে তাদের বিভিন্ন সমস্যা ও সংকট নিরসনের বিষয়ে আলোচনা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, আড়িয়াল বিলে অবৈধভাবে ভেকু দিয়ে মাটি কাটা বন্ধ ও বিল ঘিরে স্থানীয় খালগুলো খননের উদ্যোগ নেওয়া হবে। কৃষকদের শাকসবজি সংরক্ষণে দুটি হিমাগার নির্মাণ করা হবে।

তিনি আরও বলেন, সবার আগে দুর্নীতি বন্ধে চেষ্টা চলছে। যেখানেই সরকারি কল-কারখানা সেখানেই দুর্নীতি শুরু হয়। দুর্নীতি বন্ধ হলে দেশ এগিয়ে যাবে। 

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার, জেলা কৃষি কর্মকর্তা বিপ্লব কুমার মোহন্ত প্রমুখ।

সর্বশেষ সর্বাধিক পঠিত