গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মেলার নামে জুয়ার আসর ও অশ্লীল নাচের অভিযোগে প্যান্ডেল ভেঙে দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী। পরে তারা সেই প্যান্ডেলে আগুন ধরিয়ে দেয়।
গত শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার রামজীবন ইউনিয়নের কে কৈ কাশদহ গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, কে কৈ কাশদহ গ্রামের একটি বিলের ফাঁকা জায়গায় বৈশাখ উপলক্ষে একদিনের জন্য মেলার আয়োজন করা হয়। শুক্রবার দিনের বেলায় মেলায় কিছু দোকানপাটের পাশে একটি প্যান্ডেলে জাদু দেখানো হয়। কিন্তু সন্ধ্যার পর আরেকটি ঝলমলে প্যান্ডেল জুড়ে চলে নাচ-গানের সঙ্গে অশ্লীল নাচ। পাশাপাশি সেখানে বসানো হয় জমজমাট জুয়ার আসর।
তাদের অভিযোগ, মেলার আড়ালে অশ্লীল নাচসহ জুয়ার আসর বসায় সংঘবদ্ধ একটি চক্র। প্রশাসনের অনুমতি ছাড়াই এমন আয়োজনে স্থানীয়রা বাধা দিলেও শোনেননি আয়োজকরা। পরে রাতে উচ্চ শব্দে গান-বাজনা শুনে স্থানীয় জনতা ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে আশপাশ এলাকার লোকজনসহ বিক্ষুব্ধ জনতা লাঠি নিয়ে মেলায় গিয়ে জুয়া ও অশ্লীল নাচের প্যান্ডেল ভাঙচুর করেন। এরপর জুয়া খেলার সরঞ্জামে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় জুয়ারিসহ আয়োজকরা দৌড়ে পালিয়ে যান।
এদিকে এ ঘটনার পর কাশদহ বাজার এলাকায় প্রতিবাদ সভা করেন স্থানীয়রা। সেখানে বক্তব্য দেন গাইবান্ধা জেলা জামায়াতের নায়েবে আমির ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাজেদুর রহমান মাজেদ। সুন্দরগঞ্জ থানার ওসি হাকিম আজাদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।
