কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ ৯ জন কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়েছে। গতকাল শনিবার রাত থেকে আজ রবিবার সকাল পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় বিপুল পরিমাণ অস্ত্র, গুলি, মাদক ও অবৈধ সামগ্রী উদ্ধার করা হয় এবং গ্যাং সদস্যদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হয়।
সূত্রে জানা গেছে, সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের ৪৪ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ২৩ বীরের নেতৃত্বে এবং র্যাবের সমন্বয়ে পরিচালিত অভিযানে প্রথমে সদর দক্ষিণ উপজেলার দুর্গাপুর এলাকা থেকে অস্ত্র সরবরাহকারী মো. রুবেলকে (৩৫) আটক করা হয়। সম্প্রতি প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র প্রদর্শনের মাধ্যমে আলোচনায় আসেন রুবেল। তদন্তে জানা যায়, তিনি কুমিল্লা শহরের কিশোর গ্যাং সদস্যদের অস্ত্র সরবরাহ করতেন।
এরপর রেসকোর্সের পলাশী গলি এলাকায় অভিযান চালিয়ে মো. আকিব হোসেন (২৯), মো. সাজ্জাদ হোসেন (৪৭) ও মো. শাহাদাত হোসেনকে (২৮) আটক করা হয়। এ সময় টেবিলের নিচে লুকানো অবস্থায় একটি ৯ এমএম পিস্তল, চার রাউন্ড গুলি, একটি রিভলভার, আট রাউন্ড রিভলভার অ্যামুনিশন, ইয়াবা, বিদেশি মদ, স্বর্ণের চেন, ল্যাপটপসহ বিভিন্ন অবৈধ সামগ্রী উদ্ধার করা হয়।
আটকদের দেওয়া তথ্যের ভিত্তিতে নগরীর বিভিন্ন এলাকায় আরও অভিযান চালিয়ে কিশোর গ্যাং সদস্য সাইফুল ইসলাম (১৯), মো. ইমরান হোসেন রতন (১৯), মো. মুজাহিদ (২১) ও মো. রাফিউল আলম শফি (২০)কে আটক করা হয়। তাদের কাছ থেকে চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ সময় হুমায়ূন কবির (৪৫) নামে আরেক সন্দেহভাজনকেও আটক করা হয়।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, আটকদের থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে একাধিক মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে।
‘ম্যারাডোনা দেশপ্রেমিক, মেসি ইতিহাসের সেরা’