বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, দেশে ধর্ষণের পরিমাণ বেড়ে গেছে। বিচারিক প্রক্রিয়া ত্বরান্বিত হলে এমনটি হতো না। সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, দ্রুততম সময়ে ধর্ষণকারীদের বিচার করতে হবে, যেন অন্য অপরাধীদের হৃৎকম্পন হয়।
রবিবার (২৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় পটুয়াখালীর দুমকি উপজেলার পাঙ্গাশিয়া নেছারিয়া মাদ্রাসা মাঠে আলগি গ্রামের জুলাই গণঅভ্যুত্থানে শহীদ জসিম উদ্দিনের মেয়ে কলেজছাত্রী লামিয়ার জানাজার আগে তিনি এ কথা বলেন।
এর আগে সংঘবদ্ধ ধর্ষণের শিকার শহীদ কন্যা লামিয়ার মরদেহ ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে দুপুরে গ্রামের বাড়িতে আনা হয়। লাশবাহী অ্যাম্বুলেন্স গ্রামের বাড়িতে পৌছলে স্বজনদের কান্নায় পরিবেশ ভারি হয়ে ওঠে। সন্ধ্যা সাড়ে ৭টায় পাঙ্গাশিয়া নেছারিয়া মাদ্রাসা মাঠে জানাজা শেষে শহীদ বাবার কবরের পাশে তাকে দাফন করা হয়।
জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট নাজমুল আহসান, দুমকি উপজেলা বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান, সাধারণ সম্পাদক সাইফুল আলম মৃধাসহ কেন্দ্রী, জেলা ও উপজেলা বিএনপির শীর্ষ নেতারাসহ হাজারো মানুষের ঢল নামে। জানাজায় অংশ নেওয়া এলাকাবাসী ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় লামিয়ার সংঘবদ্ধ ধর্ষণ মামলার আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।
লামিয়ার জানাজায় আরও উপস্থিত ছিলেন- এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম, জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন, দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক, দুমকি থানার ওসি মো. জাকির হোসেন, গণঅধিকার পরিষদ উচ্চতর পরিষদ সদস্য কৃষিবিদ মো. শহিদুল ইসলাম ফাহিম, পটুয়াখালী জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট নাজমুল আহসান ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক, আতিকুর রহমান রুমন, সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য জাহিদুল ইসলাম রনি, পটুয়াখালী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আবদুল্লাহ আল নাহিয়ান প্রমুখ।
উল্লেখ্য, চলতি বছরের ১৮ মার্চ সন্ধ্যায় শহীদ কন্যা কলেজছাত্রী লামিয়া (১৭) নিজ বাড়ি থেকে পাশের গ্রামে নানা যাওয়ার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। ঘটনার পরদিন ১৯ মার্চ লামিয়া নিজেই বাদী হয়ে ২ জনকে আসামি করে দুমকি থানায় একটি মামলা করেন। পুলিশ অভিযুক্ত সাকিব মুন্সী ও সিফাত মুন্সীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠান।
এ ঘটনায় লোকলজ্জা ও সামাজিক নানা চাপে হতাশাগ্রস্ত হয়ে পড়লে মায়ের সঙ্গে ঢাকার মোহাম্মদপুর এলাকার শেখেরটেকে ভাড়া বাসায় চলে যান। গত শনিবার রাত সাড়ে ৯টায় ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা চালায়। তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ১০টায় কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।
