শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ও অ্যাপ্রোন (র্যাম্প) এলাকায় বেড়েছে কুকুরের উৎপাত। এতে উড়োজাহাজ উড্ডয়ন ও অবতরণে সমস্যার মুখোমুখি হচ্ছেন পাইলটরা। তাই কুকুর নিধনে ব্যবস্থা নিতে চিঠি দিয়ে সিটি মেয়রকে অনুরোধ জানালেন বিমানবন্দরের পরিচালক।
গত ২৬ এপ্রিল চট্টগ্রাম সিটি মেয়র শাহাদাত হোসেনকে চিঠি দিয়েছেন বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আবদুল্লাহ আলমগীর। সেখানে কুকুরের উৎপাতের কারণে সুষ্ঠুভাবে অপারেশনাল কাজ সম্পন্ন করতে সমস্যা হচ্ছে বলে জানান তিনি।
চিঠিতে উল্লেখ করা হয়, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সম্প্রতি অ্যাপ্রোন (র্যাম্প) এবং রানওয়ে সংলগ্ন এলাকায় কুকুরের উৎপাত বেড়েছে। এ বিষয়ে বিভিন্ন এয়ারলাইনসের পাইলটরা নিয়ন্ত্রণ টাওয়ারে একাধিকবার অভিযোগ দিয়েছেন। এ অবস্থায় সুষ্ঠুভাবে অপারেশনাল কাজ সম্পন্ন করার জন্য জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো।
চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম বলেন, ‘আমরা চিঠি পেয়েছি। তবে আসলে কুকুর তো নিধন করা যাবে না, আমরা টিকা দিয়ে রাখি, যাতে জলাতঙ্কের ঝুঁকি না থাকে। তবে যেহেতু কয়েক দফা চিঠি দিয়েছে, আমরা পরবর্তী সাধারণ সভায় বিষয়টি নিয়ে আলোচনা করব।’
