চলতি আইপিএলে সবার নজর কেড়ে নিয়েছে একটি রোবটিক ক্যামেরা, যার নাম দেওয়া হয়েছে ‘চম্পক’। কুকুরের মতো দেখতে এই ক্যামেরাটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হয়েছে। সাবেক ও বর্তমান ক্রিকেটার এমনকি ধারাভাষ্যকার, আম্পায়ারদেরকেও এটির সঙ্গে মজা করতে দেখা যায়। কিন্তু এই রোবট নিয়েই এবার বিপাকে পড়ল বিসিসিআই।
মেধাস্বত্ব আইন লঙ্ঘনের অভিযোগ এনে বিসিসিআইয়ের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে মামলা করেছে দিল্লি প্রেস গ্রুপ! ভারতের অন্যতম বৃহৎ এই প্রকাশনী থেকে ১৯৬৯ সাল থেকে চম্পক নামে একটি পাক্ষিক শিশুতোষ পত্রিকা প্রকাশ করে আসছে, যা শিশুদের মধ্যে ব্যাপক জনপ্রিয়। রোবট কুকুরের নাম ‘চম্পক’ রাখায় সেই পত্রিকার ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে অভিযোগ।
দিল্লি প্রেস গ্রুপের আইনজীবী অমিত গুপ্তর দাবি, তাদের অনুমতি না নিয়ে এই নাম বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করছে। তাছাড়া রোবট কুকুরের নাম চম্পক রাখায় তাদের নিবন্ধিত ট্রেডমার্ককে দুর্বল করছে এবং এর ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এ কারণে তারা বিসিসিআইয়ের বিরুদ্ধে মামলা করেছে। বাদীপক্ষের দাবি, রোবট কুকুরকে যেন আর চম্পক নামে ডাকা না হয়।
বিসিসিআইয়ের জন্য এই রোবটটি নির্মাণ করেছে সম্প্রচার প্রযুক্তি প্রতিষ্ঠান ডব্লুটিভিশন ও ওমনিক্যাম। রোবটটির নাম ঠিক করা হয়েছে ক্রিকেটপ্রেমীদের মতামতের ভিত্তিতে। ভোটাভুটিতে ‘চম্পক’ নামটি নির্ধারিত হয়। এই নাম নিয়েই বিপাকে পড়েছে বিসিসিআই। তবে মামলার বিস্তারিত জানার পর বিচারক সৌরভ ব্যানার্জী আজ দিল্লি প্রেস গ্রুপের দাবিকে নাকচ করে দিয়েছেন।
সৌরব ব্যানার্জী বলেছেন, ‘এখানে কোথায় বাণিজ্যিক উপাদান আছে? বিসিসিআই এটা যে কোনো কারণে ব্যবহার করছে। এ ব্যাপারে এখনই রায় দিলে খুব দ্রুত সিদ্ধান্তে পৌঁছানো হয়ে যাবে। অনুগ্রহ করে আপনারা বোঝার চেষ্টা করুন। এটা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি কুকুর এবং নামটি সমর্থকদের ভোটের মাধ্যমে নির্ধারিত হয়েছে। সুতরাং বোঝাই যাচ্ছে এটা বিসিসিআইয়ের পছন্দে নয়, সংখ্যাগরিষ্ঠের ভোটে নামকরণ।’
দিল্লি প্রেস গ্রুপের দায়ের করা মেধাস্বত্ব লঙ্ঘনের মামলা বিবেচনায় নিয়ে আগামী ৯ জুলাই শুনানির জন্য দিন ধার্য করেছেন আদালত। বিসিসিআইয়ের জ্যেষ্ঠ আইনজীবী জে সাই দীপক বলেছেন, ‘এই নামের সঙ্গে ম্যাগাজিনের সম্পর্ক নেই। বরং কমেডি শো “তারক মেহতা কা উল্টা চশমার” একটি চরিত্রের সঙ্গে এর মিল আছে। ক্রিকেটপ্রেমীরা সেখান থেকেই রোবট কুকুরের নাম প্রস্তাব করেছে।’
আমি পারলেও পরিবার মেনে নিতে পারে না: শ্রাবণ
৩০ সেকেন্ডে গোলের শুরু; বার্সা-ইন্টারের রুদ্ধশ্বাস লড়াই অমীমাংসিত
রোনালদোর আল নাসরকে বিদায় করল জাপানের ক্লাব
হাসপাতালে শুয়ে ৬ ম্যাচ নিষেধাজ্ঞার সাজা শুনলেন রুডিগার