ফরহাদ মজহার

বাংলাদেশের সেনাবাহিনীকে প্রক্সি ওয়ারে জড়াতে চায় যুক্তরাষ্ট্র

আপডেট : ০২ মে ২০২৫, ০৫:১৯ পিএম

যুক্তরাষ্ট্র বাংলাদেশের সেনাবাহিনীকে আরেকটি প্রক্সি ওয়ারে জড়াতে চায় বলে মন্তব্য করেছেন কবি, লেখক ও রাষ্ট্র চিন্তাবিদ ফরহাদ মজহার। শুক্রবার দুপুরে বগুড়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন।

রাখাইনে কথিত মানবিক করিডরের বিরোধিতা করে ফরহাদ মজহার বলেন, বাংলাদেশের সার্বভৌমত্বের পক্ষের একজন মানুষ হিসেবে বলবো এই ধরনের করিডর দেওয়া উচিত নয়। যুক্তরাষ্ট্র বাংলাদেশের সেনাবাহিনীকে আরেকটি প্রক্সি ওয়ারে জড়াতে চায়।

অন্তর্বর্তী সরকারকে উৎখাতের জন্য নির্বাচনের দাবি করা হচ্ছে। নির্বাচনের জন্য ক্রমাগতভাবে চাপ দেওয়া হচ্ছে। ফলে এই সরকারের পক্ষে টিকে থাকা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন তিনি।

সংসদ নির্বাচনের আগে গণপরিষদ নির্বাচনের প্রাসঙ্গিকতা তুলে ধরে এ চিন্তাবিদ বলেন, যারা আইন বুঝে রাজনীতি বুঝে কিন্তু দল বুঝে না তাদেরকে আমরা গণপরিষদ নির্বাচনে পাঠাবো। তারা বসে খসড়া গঠনতন্ত্রের বিষয়ে তর্ক-বিতর্কের মাধ্যমে পূর্ণাঙ্গ একটি খসড়া গঠনতন্ত্র পাশ করবে। তারপর গণভোট হবে। জনগণ তাতে সম্মতি দিলে তা নতুন গঠনতন্ত্র হিসেবে চূড়ান্ত হবে। সেই নতুন গঠনতন্ত্রের অধীনে নতুন সরকার গঠনের নির্বাচন হবে।

সংস্কার কমিশন গঠনের সমালোচনা করে তিনি বলেন, ‘নতুন বাংলাদেশ’ গড়ার জন্য অন্তর্বর্তী সরকারকে জনগণের অভিপ্রায় বুঝতে হবে। সরকারকে জনগণের মুখোমুখি হতে হবে। আমরা আশা করেছিলাম— গণঅভ্যুত্থানের পর আমরা যে সরকার কায়েম করেছি, এই সরকার জনগণের কাছে যাবে। কিন্তু তারা এটা করলেন না। তারা উপর থেকে অনেকগুলো কমিশন বসিয়ে দিলেন। কমিশনগুলো ঢাকা শহরে বসে বসে আলোচনা করলেন। তারা জনগণকে ডাকেনি তাদের কথা শোনেনি।

যদি জনগণকেই আমরা অস্বীকার করি তাহলে কি করে আমরা সত্যিকার অর্থে নতুন যে বাংলাদেশ বানাতে চাই সেটা কি করে সম্ভব, প্রশ্ন তুলেন ফরহাদ মজহার।

মতবিনিময়কালে বগুড়া প্রেসক্লাবের সদস্য সচিব সবুর শাহ লোটাস, বগুড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি রেজাউল হাসান রানু, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গনেশ দাস, বাংলা ভিশনের স্টাফ রিপোর্টার আব্দুর রহিম বগরাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত