এবার ৩ বছরের জন্য নিষিদ্ধ শ্রীশান্ত

আপডেট : ০২ মে ২০২৫, ০৮:৩০ পিএম

২০১৩ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারিতে ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছিলেন ভারতীয় পেসার শ্রীশান্ত। জীবনের সেই অন্ধকার অধ্যায় পেছনে ফেলে আবার ক্রিকেটে ফিরেছেন তিনি। তবে আবারও পড়লেন নিষেধাজ্ঞায়, এবার বেফাঁস মন্তব্য করে।

কেরালা ক্রিকেট সংস্থা (কেসিএ) সব ধরনের ক্রিকেটীয় কর্মকাণ্ড থেকে শ্রীশান্তকে তিন বছরের জন্য নিষিদ্ধ করেছে। কেসিএ আজ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

শ্রীশান্ত কেরালা ক্রিকেট লিগের কোল্লাম অ্যারাইজ নামের এক ফ্র্যাঞ্চাইজির সহ-স্বত্বাধিকারী। এ বছরের জানুয়ারিতে বিজয় হাজারে ট্রফিতে কেরালা থেকে বাদ দেওয়া হয়েছিল সঞ্জু স্যামসনকে। এ ঘটনার পর ভারতের সাবেক এই পেসার মন্তব্য করেছিলেন, সঞ্জুর পর আর কোনো ক্রিকেটার কেসিএ প্রস্তুত করতে পারেনি।

শ্রীশান্তকে সেই মন্তব্যের কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছিল কেসিএ। তবে শ্রীশান্ত সেই নোটিশের সন্তোষজনক জবাব দিতে পারেননি অভিযোগ কেরালা ক্রিকেট সংস্থার।

শ্রীশান্ত ভারতের হয়ে ২৭ টেস্ট, ৫৩ ওয়ানডে ও ১০টি টি-টোয়েন্টি খেলেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে ৯০ ম্যাচে নিয়েছেন ১৬৯ উইকেট। ছিলেন ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত