অর্থ আত্মসাৎ

পিএফআই সিকিউরিটিজ পর্ষদের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আপডেট : ০৪ মে ২০২৫, ০৭:১৯ এএম

পুঁজিবাজারের সদস্যভুক্ত ব্রোকারেজ হাউজ পিএফআই সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তা এবং পরিচালকদের দেশত্যাগে স্থায়ী নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গত এপ্রিল মাসে এ সিদ্ধান্ত হয় বলে কমিশন সূত্রে জানা গেছে।

কমিশন সূত্রে জানা গেছে, বিনিয়োগকারীদের ২৮ কোটি ১৮ লাখ টাকা আত্মসাতের ঘটনা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটির পরিচালক ও কর্মকর্তাদের ব্যাংক হিসাবগুলো স্থায়ী অবরুদ্ধ করাসহ সিকিউরিটিজ আইন অনুযায়ী এনফোর্সমেন্ট অ্যাকশন এ সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অনিয়ম তদন্তকালে মার্জিন অ্যাকাউন্ট সংখ্যা, নেগেটিভ ইক্যুইটিসহ বেনিফিশিয়ারি ওনার্স (বিও) অ্যাকাউন্টের সংখ্যা, নেতিবাচক ইক্যুইটি ও এর জন্য দায়ী ব্যক্তি, নেতিবাচক ইক্যুইটির পরিমাণ, প্রভিশনস বা মার্জিন অ্যাকাউন্টের বিপরীতে রক্ষিত তহবিল, প্রভিশনসের ঘাটতি, মার্জিন অ্যাকাউন্টে অননুমোদিত লেনদেনসহ সমন্বিত গ্রাহক হিসাব (সিসিএ) পর্যালোচনা করে। এ সময় প্রতিষ্ঠানটির মাধ্যমে বিনিয়োগ করা গ্রাহকের ২৮ কোটি ১৮ লাখ টাকা আত্মসাতের বিষয় স্পষ্ট হয়ে ওঠে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তদন্ত কমিটি একটি প্রতিবেদন কমিশনে জমা দেয়। প্রতিবেদনের ভিত্তিতে পিএফআই সিকিউরিটিজ লিমিটেডের গ্রাহক সুরক্ষায় কমিশন কঠোর সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।

জানা গেছে, ২০২৪ সালের ২১ আগস্ট পর্যন্ত পিএফআই সিকিউরিটিজের গ্রাহকের পাওনা হিসাবে ২৮ কোটি ১৮ লাখ টাকা ঘাটতি রয়েছে। এরই ধারাবাহিকতায় ওই বছরের সেপ্টেম্বর মাসে কনসোলিডেটেড কাস্টমারস অ্যামাউন্টের ঘাটতি পূরণের জন্য প্রতিষ্ঠানটির সময় বৃদ্ধির আবেদন নামঞ্জুর করা হয়। পরে ১৭ নভেম্বর প্রতিষ্ঠানটির নিবন্ধনের মেয়াদ শেষ হয়। তবে সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে প্রতিষ্ঠানটির নিবন্ধন নবায়ন করেনি বিএসইসি। ফলে ওই সময় থেকে পিএফআই সিকিউরিটিজের স্টক-ডিলার এবং স্টক-ব্রোকার নিবন্ধন সনদ নবায়ন স্থগিত হয়ে যায়। এরপর ওই বছরের ডিসেম্বরে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সব পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক বা সিইওর ব্যাংক হিসাবের লেনদেন অবরুদ্ধ রাখার জন্য বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত