মুরাদনগরে উপদেষ্টা আসিফ ও বিএনপি নেতার অনুসারীদের পাল্টাপাল্টি বিক্ষোভ

আপডেট : ০৪ মে ২০২৫, ০৮:১২ পিএম

কুমিল্লার মুরাদনগরে বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ ও উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার অনুসারীরা পাল্টাপাল্টি বিক্ষোভ ও সমাবেশ করেছেন। রবিবার (৪ মে) দুপুরে তারা এ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেন।

এ সময় যেকোনো সংঘাত এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দেবিদ্বার থানা থেকেও অতিরিক্ত ফোর্স আনা হয়।

উপদেষ্টা আসিফ মাহমুদের অনুসারী শিক্ষার্থীরা প্রথমে সকাল সাড়ে ১১টার দিকে মুরাদনগর সদরে বিক্ষোভ মিছিল করে। এর প্রায় দুই ঘণ্টা পর দুপুর দেড়টার দিকে একই স্থানে পাল্টা বিক্ষোভ মিছিল করেন কায়কোবাদ অনুসারী শিক্ষার্থীরা।

আসিফ মাহমুদের অনুসারীরা অভিযোগ করেন, গত ৩০ এপ্রিল স্থানীয় বিএনপির নেতারা ভয়ভীতি দেখিয়ে তাদের কায়কোবাদের সমর্থনে পদত্যাগ দাবির মিছিলে নিয়ে যান।

তাদের অভিযোগ করেন, ওই মিছিলে অংশ নেওয়ার জন্য শিক্ষার্থীদের বাধ্য করা হয়েছিল। 

কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজের শিক্ষার্থী রুবাইয়া আক্তার বলেন, ‘৩০ তারিখ শিক্ষকরা আমাদের জোর করে মিছিলে নিয়ে আসেন। আমার ভাই আজকের বিক্ষোভে অংশ নিতে চেয়েছিল, কিন্তু তাকে আটকে রাখা হয়েছে। আমার পরিবারের ওপরও চাপ সৃষ্টি করা হচ্ছে।’

অন্যদিকে কায়কোবাদ অনুসারীরা এসব অভিযোগ ভিত্তিহীন ও বানোয়াট দাবি করে বলেন, আসিফ মাহমুদ ও তার অনুসারীরা মিথ্যা মামলা ও প্রশাসনের সাহায্যে হয়রানি করছেন।

তারা জানান, রবিবারের বিক্ষোভে যারা অংশ নিয়েছেন তারা কলেজের শিক্ষার্থী নন। তারা বলেন, ‘৫ আগস্ট মাথায় কাফনের কাপড় পরে স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম। কেউ যদি আবার সেই ইতিহাস ফিরিয়ে আনার চেষ্টা করে, তার পরিণতিও একই হবে।’

কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুস সাত্তার বলেন, ‘আজ রবিবার কলেজে বৃক্ষরোপণ ও মাদকবিরোধী কর্মসূচি ছিল। কলেজের কোনো শিক্ষার্থী বিক্ষোভে অংশ নেয়নি।’ 

মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমান বলেন, দুই পক্ষই শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করেছে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

উল্লেখ্য, গত ২৬ মার্চ রাতে এক শ্রমিক দল নেতাকে থানা থেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা কেন্দ্র করে কায়কোবাদ ও আসিফ মাহমুদের অনুসারীদের মধ্যে বিরোধ শুরু হয়। এরপর থেকে মুরাদনগরে উত্তেজনা বিরাজ করছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত