আইনজীবী আলিফ হত্যা মামলায় চিন্ময়কে গ্রেপ্তার দেখানোর আবেদন 

আপডেট : ০৪ মে ২০২৫, ০৯:৪৬ পিএম

রাষ্ট্রদ্রোহের মামলায় কারাবন্দি বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেছে পুলিশ। 

চট্টগ্রামের অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ারের আদালতে উক্ত আবেদনটি করা হয়েছে।  সোমবার (৫ মে) উক্ত আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে রবিবার (৪ মে) রাতে সরকারি একটি সূত্র দেশ রূপান্তরকে নিশ্চিত করেছে। তবে নগর পুলিশের (প্রসিকিউশন) দায়িত্বশীল কোনো সূত্র থেকে বিষয়টির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। 

এদিকে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন বাতিল করে ফাঁসির দাবিতে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে রবিবার (৪ মে) দিনভর বিক্ষোভ করেছেন একদল শিক্ষার্থী। চিন্ময়কে দেওয়া হাইকোর্টের জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি চেম্বার জজ আদালতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। 

রবিবার সকাল ১০টা থেকে আদালত প্রাঙ্গণসহ সংলগ্ন জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জড়ো হতে শুরু করেন শিক্ষার্থীরা। এ সময় চিন্ময়ের জামিন বাতিল করে ফাঁসি এবং ইসকনকে জঙ্গি সংগঠন উল্লেখ করে নিষিদ্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা।

এর আগে চিন্ময়ের জামিন শুনানিকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত এলাকায় গত বছরের  ২৬ নভেম্বর হত্যাকাণ্ডের শিকার আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচার চেয়ে স্লোগান দেন শিক্ষার্থীরা। এই হত্যাকাণ্ডের হুকুমদাতা হিসেবে চিন্ময়ের ফাঁসি দাবি করেন তারা। পরে দুপুরের দিকে ঢাকায় চেম্বার জজ আদালতে চিন্ময়ের জামিন শুনানি স্থগিতের খবর পৌঁছালে শিক্ষার্থীরা ফিরে যান।

চট্টগ্রামের কোতোয়ালী থানায় দায়ের হওয়া রাষ্ট্রদ্রোহ মামলায় গত বছরের ২৫ নভেম্বর রাতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করে ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি)। পরদিন ২৬ নভেম্বর তাকে চট্টগ্রাম আদালতে হাজির করা হলে রাষ্ট্রদ্রোহ মামলায় বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।  কারাগারে পাঠানোর নির্দেশকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে ত্রাস সৃষ্টি করে চিন্ময়ের অনুসারীরা। তিনঘণ্টা তাকে বহনকারী প্রিজনভ্যান আদালত এলাকায় আটকে রাখে অনুসারীরা। একপর্যায়ে পুলিশ, বিজিবি লাঠিপেটা ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। তখনই সংঘর্ষের সূত্রপাত হয়।

পরবর্তীতে নগরের লালদিঘীর পাড় থেকে কোতোয়ালী এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে চিন্ময়ের অনুসারীরা নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ রয়েছে। 

এ ঘটনায় গত বছরের ২৯ নভেম্বর চট্টগ্রাম  নগরের কোতোয়ালী থানায় আলিফের বাবা জামাল উদ্দিন হত্যা মামলা করেন। মামলায় ৩১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১৫ থেকে ১৬ জনকে আসামি করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত