বার্কশায়ার হ্যাথাওয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদ থেকে এ বছরের শেষে অবসর নিচ্ছেন ৯৪ বছর বয়সী ওয়ারেন বাফেট। ‘ওরাকল অব ওমাহা’ নামে পরিচিত এই ধনাঢ্য বিনিয়োগকারী কোম্পানির বার্ষিক সভায় জানান, তিনি কোম্পানির দায়িত্ব ভাইস চেয়ারম্যান গ্রেগ অ্যাবেলের কাছে হস্তান্তর করবেন। ওয়ারেন বাফেট বলেন, ‘আমার মনে হয়, এ বছরের শেষে গ্রেগের কোম্পানির প্রধান নির্বাহী হওয়ার সময় এসে গেছে।’
২০২৩ সালে ওয়ারেন বাফেট একটি চিঠি প্রকাশ করেছিলেন, যেখানে তিনি স্বীকার করেন যে অবসর নেওয়ার ইচ্ছা না থাকলেও তিনি এখন এক্সট্রা ইনিংসে খেলছেন। বিবিসি বলছে, এখন তিনি সেই এক্সট্রা ইনিংস থেকেও অবসর নিলেন। ওয়ারেন বাফেট ধুঁকতে থাকা টেক্সটাইল কোম্পানি বার্কশায়ার হ্যাথাওয়েকে টেনে তুলে এক বিশাল বিনিয়োগ সাম্রাজ্যে পরিণত করেছেন।
নেব্রাস্কার ওমাহায় গত শনিবার কোম্পানির সভায় বাফেট বলেন, তার সিদ্ধান্তের কথা শুধু তার দুই সন্তান, হাওয়ার্ড এবং সুসি বাফেট জানতেন। মঞ্চে বাফেটের পাশে বসা গ্রেগ অ্যাবেল তার ঘোষণায় স্পষ্টতই বিস্মিত হন।
বাফেট চার বছর আগে অ্যাবেলকে নিজের উত্তরসূরি হিসেবে বেছে নিয়েছিলেন, তবে তখন তিনি কখন অবসর নেবেন সে বিষয়ে কিছু বলেননি।
সভায় ওয়ারেন বাফেট আরও জানান, বার্কশায়ার হ্যাথাওয়েরে তার কোনো শেয়ার বিক্রির পরিকল্পনা নেই। তিনি জানান, এগুলো দান করে দেওয়া হবে। তার এই ঘোষণায় শ্রোতারা করতালিতে উচ্ছ্বাস প্রকাশ করেন। বার্কশায়ার
হ্যাথাওয়ে বর্তমানে ৬০টিরও বেশি কোম্পানির মালিক, যার মধ্যে রয়েছে বীমা প্রতিষ্ঠান গেইকো, ব্যাটারি নির্মাতা ডারাসেল এবং রেস্টুরেন্ট চেইন ডেইরি কুইন। এ ছাড়া প্রতিষ্ঠানটি অ্যাপল, কোকা-কোলা, ব্যাংক অব আমেরিকা এবং আমেরিকান এক্সপ্রেসসহ বহু প্রতিষ্ঠানের বড় অংশীদার।
বিলিয়ন ডলার দান করা ওয়ারেন বাফেটকে গত মাসে ব্লুমবার্গ বিশ্বের চতুর্থ ধনী ব্যক্তি হিসেবে তালিকাভুক্ত করেছে। তার মোট সম্পদের পরিমাণ ১৫৪ বিলিয়ন ডলার। তিনি মাত্র ছয় বছর বয়সে প্রথম অর্থ উপার্জন করেন।
