নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বারদী-শান্তির বাজার সড়কের বেহাল দশা। এ সড়কের সাড়ে তিন কিলোমিটার অংশ সামান্য বৃষ্টিতে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এতে এই পথে চলাচলকারী মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, বারদীতে আসা পর্যটকসহ এলাকার হাজার হাজার মানুষের যাতায়াতের পথ এটি। বর্ষা মৌসুমে রাস্তায় পানি জমে থাকায় যানবাহন চলাচল তো দূরে থাক, নিরাপদে হাঁটতেও পারেন না পথচারীরা।
স্থানীয়রা জানান, এ রাস্তাটি অনেক গুরুত্বপূর্ণ। প্রায় ২৫ গ্রামের মানুষের চলাচলের অন্যতম প্রধান সড়ক এটি। ফলে চাকরিজীবী থেকে শুরু করে স্কুল-কলেজের শিক্ষার্থী সবাই এ রাস্তা দিয়ে যাতায়াত করেন। প্রতিদিন শত শত যানবাহন এ রাস্তা দিয়ে চলাচল করে। রাস্তার বেহাল দশার কারণে প্রায়ই ঘটে দুর্ঘটনা।
স্থানীয়রা জানান, বারদীতে রয়েছে লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম, সেই সঙ্গে ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী জ্যোতিবসুর জন্মভিটা। এ এলাকায় নিয়মিত পর্যটকরা আসেন। মেঘনা নদীর ছটাকিয়া ঘাটও এখন পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে। বারদীর পূর্বাঞ্চলের হাজার হাজার মানুষের চরম ভোগান্তি আর কষ্টের কারণ বারদী-শান্তির বাজার সড়ক। শুধু সোনারগাঁয়ের বাসিন্দাই নয়, এ রাস্তা দিয়ে যাতায়াত করেন আড়াইহাজার উপজেলার খাগকান্দা, উচিতপুরা, কালাপাহাড়িয়া ইউনিয়নের বাড়ৈপাড়া, কাকাইলমোড়া, নয়নাবাদ, বাহেরচর, চম্পকনগর, তেতৈতলা, লালুরকান্দি, তাতুয়াকান্দা, নয়াপাড়া, চৌদ্দ মৌজা খাগকান্দা, মধ্যারচরের মানুষ। প্রতিদিন ট্রাক, পিকআপভ্যান অটোরিকশা, রিকশা, প্রাইভেটকারসহ শত শত যানবাহন এ রাস্তা দিয়ে চলাচল করে। শান্তির বাজার ব্যবসায়িক দিক থেকেও গুরুত্বপূর্ণ।
বারদীর পাইকপাড়া গ্রামের বাসিন্দা গোয়ালপাড়া হাই স্কুলের সিনিয়র শিক্ষক দেওয়ান সামছুর রহমান জানান, উপজেলার পাইকপাড়া, গোয়ালপাড়া, চেঙ্গাকান্দী, নাকুরিয়াহাটি, জয়নগর, খাসেরকান্দী, মান্দারপাড়া, বাস্তমবাগ, মছলন্দপুর, সেকেরচর, দলরদী, আলগীরচরসহ প্রায় ২৫টি গ্রামের মানুষ নিয়মিত এ রাস্তা দিয়ে যাতায়াত করে। গোয়ালপাড়া গ্রামের আমিনুল ইসলাম বলেন, ‘প্রতিদিনই আমাদের এ রাস্তা দিয়ে চলাচল করতে হয়। বৃষ্টিতে রাস্তাটি একদম চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। পানি জমে থাকার কারণে এ রাস্তায় প্রতিদিনই কোনো না কোনো যানবাহন উল্টে যায়। তারপরও শত ভোগান্তি নিয়েই এ রাস্তা দিয়ে আমাদের যাতায়াত করতে হয়।’
মুসলেন্দপুর গ্রামের আবু ইউসুফ বলেন, ‘উপজেলা প্রশাসনের যেকোনো কাজে থানা, ভূমি অফিস, জেলা প্রশাসনের কাজে যাতায়াতের জন্য এ অঞ্চলের মানুষ এই রাস্তাটি ব্যবহার করেন।
স্থানীয় বারদী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল আউয়াল বলেন, ‘এ রাস্তাটির বিষয়ে স্থানীয় প্রশাসনকে অবহিত করেছি। আশা করছি দ্রুত সময়ের মধ্যেই রাস্তাটি মেরামত করা হবে।’
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সোনারগাঁ উপজেলা প্রকৌশলী মো. আলমগীর চৌধুরী বলেন, বেহাল সড়কগুলোর তালিকা করে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। এ সড়কটিও তালিকায় রয়েছে। অর্থ ছাড় পাওয়া গেলে সেগুলো সংস্কার করা হবে।
