জাতীয় দলের বাইরে থাকা পারফরমারদের মূল্যায়নের লক্ষ্যে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে ঘরের মাঠে আয়োজন করা হয়েছে বাংলাদেশ ‘এ’ দলের সিরিজ। এই সিরিজকে কেন্দ্র করে নতুন করে আলোচনায় এসেছেন উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান। গ্লোবাল সুপার লিগ, বিপিএল ও ঢাকা প্রিমিয়ার লিগে দুর্দান্ত পারফরম্যান্স করে ‘এ’ দলে জায়গা পাওয়া সোহান এবার পেয়েছেন অধিনায়কত্বের ভারও।
ধানম-ি ক্লাবের হয়ে ঢাকা প্রিমিয়ার লিগে ১১ ইনিংসে ৫৮ গড়ে ও ৯৩.৫৫ স্ট্রাইক রেটে ৫২২ রান করেছেন সোহান। করেছেন দুটি সেঞ্চুরি ও দুটি হাফসেঞ্চুরি। এর মধ্যে ১৩২ রানের ইনিংসটি তার ক্যারিয়ার সেরা। বিপিএলেও রেখেছেন ব্যাটে ঝলক। রংপুর রাইডার্সের হয়ে ১০ ম্যাচে করেছেন ১৮২ রান। স্ট্রাইকার্সের বিপক্ষে ২৪ বলে ৪১, বরিশালের বিপক্ষে ৭ বলে ৩২ এবং দুর্বার রাজশাহীর বিপক্ষে ২৬ বলে ৪১ রানের ইনিংস খেলে দেখিয়েছেন তার মারকাটারি ব্যাটিং সামর্থ্য।
আন্তর্জাতিক ক্রিকেটে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ৬৪ ম্যাচ খেলা এই ক্রিকেটার জাতীয় দলে থিতু হতে না পারলেও আশাবাদী নতুন করে শুরু করার। এ প্রসঙ্গে সংবাদ সম্মেলনে সোহান বলেন, ‘বাংলাদেশের হয়ে বড় কিছু করতে চাই এটাই আমার মূল লক্ষ্য। খারাপ সময় থেকে অনুপ্রাণিত হয়ে ফেরার চেষ্টা করি। আমরা এখানে শিখতে আসিনি, জয়ের জন্যই মাঠে নামব।’
নেতৃত্ব পেয়ে আরও দায়িত্বশীল সোহান বলেন, ‘এটা শুধু আমার না, আমাদের সবার জন্যই বড় সুযোগ। তবে আমরা কেবল সুযোগ নিতে আসিনি, মাঠে জিততেই নামব। ব্যক্তিগত নয়, দলীয় পারফরম্যান্সই মুখ্য। যে পরিস্থিতিই আসুক, মানিয়ে নিয়ে জয়ের জন্য সর্বোচ্চটা দিতে চাই।’
সিরিজটি কেবল ‘এ’ দল নয়, জাতীয় দলের নির্বাচকদের কাছেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নির্বাচকদের নজরেও থাকবেন এই ম্যাচগুলোর পারফরমাররা। দলের দায়িত্বপ্রাপ্ত কোচ মিজানুর রহমান বাবুল বিষয়টি বেশ গুরুত্বের সঙ্গেই দেখছেন। তিনি বলেন, ‘নুরুল হাসান সোহান অধিনায়কত্ব করবে এটা চূড়ান্ত। আমরা দেশের প্রতিনিধিত্ব করছি, তাই ভালো ক্রিকেট খেলার পাশাপাশি দেশকে এগিয়ে নিতে চাই।’
আজকের পর ৭ ও ১০ মে সিলেটে অনুষ্ঠিত হবে বাকি ওয়ানডে। এরপর সিলেটেই ১৪ মে শুরু হবে চার দিনের প্রথম ম্যাচ। দ্বিতীয় চার দিনের ম্যাচটি মাঠে গড়াবে ২১ মে ঢাকায়। সব ম্যাচই সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস।
