চন্দনাইশে বিলুপ্তপ্রায় রাজ ধনেশ পাখির বাচ্চা উদ্ধার

আপডেট : ০৫ মে ২০২৫, ০৬:০০ পিএম

চট্টগ্রামের চন্দনাইশে বিলুপ্ত প্রজাতির একটি রাজ ধনেশ পাখির বাচ্চা উদ্ধার করেছে চট্টগ্রাম দক্ষিণ জেলা বন বিভাগের দোহাজারী রেঞ্জের ধোপাছড়ি সাঙ্গু বিটের কর্মকর্তারা। এ ঘটনায় মোহাম্মদ ইমরান (২৭) নামে এক পাচারকারীকে আটক করে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৫ মে) সকালে গোপন সংবাদে ভিত্তিতে দোহাজারী রেঞ্জের ধোপাছড়ি সাঙ্গু বিটের ফরেস্টার সুদত্ত চাকমার নেতৃত্বে ১০ নম্বর ধোপাছড়ি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড মংলার মুখ এলাকায় নাছির উদ্দীনের ছেলে মোহাম্মদ ইমরান (২৭) এর বাড়িতে অভিযান পরিচালনা করে বিলুপ্ত প্রজাতির একটি রাজ ধনেশ পাখির বাচ্চা উদ্ধার করা হয়।

উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ডিপ্লোমেসি চাকমা জানান, গোপন সংবাদের ভিত্তিতে এক পাচারকারীকে একটি রাজ ধনেশ পাখির বাচ্চাসহ আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় ও রাজ ধনেশ পাখির বাচ্চাটি বনবিভাগের কাছে হস্তান্তরের আদেশ হয়।

উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের সময় চট্টগ্রাম দক্ষিণ জেলা বনবিভাগের দোহাজারী রেঞ্জের রেঞ্জ অফিসার এ কে এম ইমরুল কায়েস, চন্দনাইশ উপজেলা ভূমি অফিসের নাজির আরিফুল হক, সাঙ্গু বিটের ফরেস্টার সুদত্ত চাকমা সহযোগিতা করেন।

রাজ ধনেশ পাখির বাচ্চাটি রাঙ্গুনিয়া ইকো পার্কে হস্তান্তর করা হয় বলে জানান সাঙ্গু বিটের ফরেস্টার সুদত্ত চাকমা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত