পুঁজিবাজারে খাদ্য ও আনুষঙ্গিক খাতে তালিকাভুক্ত কোম্পানি তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসির ১ কোটি ১৫ লাখ শেয়ার ও আরও ৫০ হাজার অতিরিক্ত শেয়ার গ্রহণের বিষয়ে তদন্তের সিদ্ধান্ত নিয়েছে, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সম্প্রতি অনুষ্ঠিত এক কমিশন সভায় এ সংক্রান্ত তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সীমান্ত ব্যাংকের সঙ্গে কোম্পানির ঋণ চুক্তির বিপরীতে রক্ষিত জামানত এবং এ সংক্রান্ত অন্যান্য প্রাসঙ্গিক বিষয় খতিয়ে দেখে ৬০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। বিএসইসি সূত্র জানিয়েছে, সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে।
সংশ্লিষ্ট বিষয়ে তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসির ব্যবস্থাপনা পরিচালককে অবহিত করা হয়েছে।
গঠিত তদন্ত কমিটির সদস্যরা হলেন বিএসইসির অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আল মাসুম মৃধা এবং সহকারী পরিচালক শরিফুল ইসলাম ও নাভিদ হাসান খান।
বিএসইসির নির্দেশনায় বলা হয়েছে তৌফিকা ইঞ্জিনিয়ারিং লিমিটেড কীভাবে তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিমের ১ কোটি ১৫ লাখ সাধারণ শেয়ার অধিগ্রহণ এবং অতিরিক্ত আরও ৫০ হাজার শেয়ার গ্রহণের প্রস্তাব কীভাবে করা হয়েছিল সেসব বিষয় খতিয়ে দেখা প্রয়োজন।
এ ছাড়া তৌফিকা ইঞ্জিনিয়ারিং লিমিটেডের অতিরিক্ত শেয়ার অধিগ্রহণের বিষয়ে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড (আইএএস) ২৪ এর আইন অনুসারে কোম্পানির সেই সময়ের আর্থিক প্রতিবেদনে নিজেদের মধ্যে লেনদেনের কোনো তথ্য যথাযথভাবে প্রকাশ করেছে কি-না তাও খতিয়ে দেখবে তদন্ত কমিটি।
পাশাপাশি চলতি বছর ৩ ফেব্রুয়ারি লাভেলো আইসক্রিমের ব্যবস্থাপনা পরিচালক মো. একরামুল হকের ৫০ লাখ শেয়ার সীমান্ত ব্যাংকের ঋণ চুক্তির বিপরীতে জামানত রাখার বিষয়টি ক্ষতিয়ে দেখবে তদন্ত কমিটি। এ ছাড়া প্রাসঙ্গিক অন্য বিষয়গুলো খতিয়ে দেখবে তদন্ত কমিটি।
