স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়ন, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন-ভাতা প্রদান ও বৈষম্য নিরসনের দাবি জানিয়ে কর্মবিরতি পালন করেছে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন। গতকাল সোমবার ঢাকাসহ সারা দেশের আদালতগুলোতে (সুপ্রিম কোর্ট ছাড়া) এ কর্মবিরতি পালন করেন তারা। গত ১৯ এপ্রিল বিদ্যমান ব্লক পদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজনপূর্বক যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগবিধি ও বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন-ভাতার দাবি জানিয়ে এ কর্মসূচির ডাক দেয় বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন।
গতকাল সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে বিচার বিভাগীয় কর্মচারীরা সমাবেশ করেন। এ সময় তারা তাদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান। কর্মসূচি শেষে সাড়ে ১১টার দিকে আদালতগুলোর বিচারকাজ শুরু হয়। এদিকে সকাল ৯টা থেকে বিচার বিভাগীয় অ্যাসোসিয়েশনের কর্মচারীদের ডাকা কর্মবিরতি চলাকালে দুর্ভোগে পড়েন বিভিন্ন প্রান্ত থেকে আসা বিচারপ্রত্যাশীরা। সকালে বেশকিছু আদালতের এজলাস ঘুরে দেখা গেছে, বিচারপ্রার্থীরা বসে থাকলেও বিচারকাজ বন্ধ রয়েছে। আইনজীবীরা বলেন, এজলাসগুলোতে বিচার বিভাগীয় কর্মচারীরা কেউ আসছেন না। ফলে মামলার নথি ব্যবস্থাপনায় লোক না থাকায় বিচারকাজ বন্ধ রয়েছে।
কুষ্টিয়া প্রতিনিধি জানান, কুষ্টিয়ায় আদালত কর্মচারীদের ২ দফা দাবি আদায়ে কর্মবিরতি পালন করেছে আন্দোলনকারী কর্মচারীরা। সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনে ব্যানারে এই কর্মসূচির নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি ফজলুর রহমান। আদালত অঙ্গনে আগত বিচার প্রার্থীরা এতে ভোগান্তির মুখে পড়েন।
বাগেরহাট প্রতিনিধি জানান, সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বাগেরহাট জেলা জজ আদালতের কর্মরত কর্মকর্তা কর্মচারীরা অফিসে না বসে আদালত চত্বরের সামনে দাঁড়িয়ে এই কর্মবিরতি কর্মসূচি পালন করে। বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন বাগেরহাট জেলা শাখার উদ্যোগে এই কর্মবিরতি কর্মসূচি পালন করা হয়।
জয়পুরহাট প্রতিনিধি জানান, জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের প্রথম ও ষষ্ঠ গ্রেডের পরে সপ্তম -১২তম গ্রেডভুক্ত করা এবং বিদ্যমান ব্লকপদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজনপূর্বক যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়নের দাবিতে জয়পুরহাট আদালত প্রাঙ্গণে দুই দফা দাবিতে কর্মবিরতি পালন করেছে আদালতের কর্মচারীরা।
বান্দরবান প্রতিনিধি জানান, আদালত চত্বরের সামনে অবস্থান করে এই কর্মবিরতি পালন করেন।
নড়াইল প্রতিনিধি জানান, একই দাবিতে বাংলাদেশ বিচার বিভাগীয় অ্যাসোসিয়েশন নড়াইল জেলা শাখার আয়োজনে কর্মবিরতি চলাকালে আদালত সড়কে তারা মানববন্ধন কর্মসূচি পালন করে।
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী জানান, রাজশাহীতে বিচার বিভাগীয় কর্মচারীদের কর্মবিরতি পালিত হয়েছে। গতকাল সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত রাজশাহী জেলা ও দায়রা জজ আদালত ভবনের সামনে অবস্থান করেন। এর আগে একটি র্যালি আদালত প্রাঙ্গণ প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
