আরাকান প্রশ্নে নিরাপত্তা উপদেষ্টা

আমাদের স্বার্থে যার সঙ্গে ইচ্ছা দেখা করব

আপডেট : ০৭ মে ২০২৫, ০৭:৩৩ এএম

মিয়ানমারের রাখাইন রাজ্যের জাতিগত সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে বাংলাদেশের যোগাযোগ নিয়ে অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেছেন, আমাদের স্বার্থে আমরা যার সঙ্গে ইচ্ছা তার সঙ্গে দেখা করব। কে কী বলল যায়-আসে না। তিনি আরও বলেন, আরাকানে যে নতুন প্রশাসন তৈরি হচ্ছে, তার সব স্তরে আমরা রোহিঙ্গাদের প্রতিনিধিত্ব দেখতে চাই। এ কথা আমরা জাতিসংঘের মাধ্যমে জানিয়েছি।

গতকাল মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন নিরাপত্তা উপদেষ্টা।

খলিলুর রহমান বলেন, আমরা সার্বভৌম রাষ্ট্র। আমাদের স্বার্থে আমরা যার সঙ্গে ইচ্ছা তার সঙ্গে দেখা করব। কে কী বলল যায়-আসে না। আমরা একটা স্বাধীন পররাষ্ট্র নীতি প্রণয়ন করেছি এবং সেটা বাস্তবায়ন করছি। মিয়ানমার আরাকান আর্মিকে একটা সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে দেখে কিন্তু তারাও কথা বলছে। তারা যুদ্ধবিরতির কথা বলছে।

কেন আরাকান আর্মির সঙ্গে বাংলাদেশের যোগাযোগ প্রয়োজন তা তুলে ধরে নিরাপত্তা উপদেষ্টা বলেন, আমাদের সীমান্তের ওপারে এখন নিয়ন্ত্রণ আরাকান আর্মির। এটা তো আমাদের সীমান্ত এবং এটা আমাদের সার্বভৌম সীমান্ত। এই সীমান্ত আমাকে ম্যানেজ করতে হবে, রক্ষা করতে হবে, শান্তিপূর্ণভাবে রক্ষা করতে হবে। এটা একটা ক্রসবর্ডার। এজন্য ওপারে যেই থাক তার সঙ্গে আমরা যোগাযোগ রাখব।

মিয়ানমারের সেনাবাহিনী যদি ওই পাশে আসে আসুক। তাদের সঙ্গে আগে আমাদের যোগাযোগ ছিল। তারা পুনঃপ্রতিষ্ঠা করুক, আমরা তাদের সঙ্গেও যোগাযোগ করব।

এক প্রশ্নের উত্তরে ড. খলিল বলেন, আমরা চেষ্টা করছি নতুন করে রোহিঙ্গা যেন না আসে। আর এ কথাটা খুব জোরের সঙ্গে আরাকান আর্মিকে জানিয়েছি। তাদের আমরা জাতিসংঘের মাধ্যমে জানিয়েছি, আরাকানে যে নতুন প্রশাসন তৈরি হচ্ছে, তার সব স্তরে রোহিঙ্গাদের প্রতিনিধিত্ব দেখতে চাই। যদি সেটা তারা না করে, তাহলে সেটা জাতিগত নিধনের একটি নিদর্শন। যেটা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। এই কাজটি তারা যদি না করেন, তাহলে তাদের সঙ্গে কথাবার্তা চালিয়ে যাওয়া মুশকিল।

আরাকান আর্মির সঙ্গে সরকারের যোগাযোগের বিষয়টি প্রকাশ্যে আসার পর এপ্রিলে জেনারেল মিন অং হ্লায়িংয়ের সরকার ঢাকায় কূটনৈতিক পত্র দিয়ে প্রতিবাদ জানিয়েছে। সেই চিঠিতে জান্তা সরকার ‘অসন্তোষ’ প্রকাশ করেছে। তবে এখন অবধি বাংলাদেশ সরকার বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত