নরসিংদীতে ছাগলের ঘাস খাওয়াকে কেন্দ্র করে প্রতিবেশীদের ধারালো অস্ত্রের আঘাতে মোস্তফা মিয়া (৩৫) নামে একজনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (৭ মে) দুপুরে সদর উপজেলার করিমপুর ইউনিয়নের বাউশিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে পুলিশ বিকেলে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত দুজনকে আটক করে।
নিহত মোস্তফা মিয়া বাউশিয়া গ্রামের শুক্কুর মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বাউশিয়া গ্রামের বাসিন্দা আলাউদ্দিন ও রুবেলদের একটি ছাগল প্রতিবেশি মোস্তফাদের জমির ঘাস খেয়ে ফেলে। এ নিয়ে দুই পরিবারের নারীরা ঝগড়ায় লিপ্ত হন। পরে এ ঝগড়ায় বাড়ির পুরুষরাও যুক্ত হন। এ সময় উভয় পক্ষ দা-বটি নিয়ে একে অপরের সঙ্গে মারামারিতে লিপ্ত হন। একপর্যায়ে আলাউদ্দিন ও তার ভাই রুবেল প্রতিবেশী মোস্তফা মিয়াকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন। পরে তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিকেলে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত আলাউদ্দিন ও রুবেলকে আটক করে পুলিশ।
করিমপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব জুবায়েব খন্দকার বলেন, ছাগলের ঘাস খাওয়াকে কেন্দ্র করে প্রতিবেশীরা মোস্তফাকে কুপিয়ে হত্যা করে।
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক বলেন, তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে এ হত্যাকান্ড সংঘটিত হয়েছে। আমরা অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত দুই ভাইকে গ্রেপ্তার করি। তাদের আদালতে শোপর্দ করা হবে।
সীমানা পুনর্নির্ধারণে ৬১ আসনে ৪০৫ আবেদন: ইসি সচিব
শ্রীপুরে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার