ভারত ও পাকিস্তান যুদ্ধ লাগার সুযোগে কোনো জঙ্গি বা সন্ত্রাসী যাতে বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সেজন্য কড়াকড়ি আরোপ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। বাংলাদেশের সীমান্তবর্তী জেলাগুলোর পুলিশ সুপারদের এ বিষয়ে সতর্ক থাকারও নির্দেশনা দেওয়া হয়।
গতকাল বুধবার বিকেলে রাজধানীর গুলশানে বাংলাদেশ পুলিশ বার্ষিক শুটিং প্রতিযোগিতা-২০২৪-এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসব কথা জানান আইজিপি। এ সময় বাংলাদেশ পুলিশ ক্লাবের সভাপতি ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) অতিরিক্ত আইজিপি মো. মোস্তফা কামালসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাহারুল আলম বলেন, ‘ভারত-পাকিস্তান যুদ্ধকে কেন্দ্র করে বাংলাদেশের নিরাপত্তা বিঘিœত না হওয়ার পাশাপাশি কোনো জঙ্গি বা সন্ত্রাসী যেন আমাদের দেশে প্রবেশ করতে না পারে, সেজন্য সীমান্ত জেলাগুলোর পুলিশ সুপারদের সতর্ক করা হয়েছে। ভারতের সঙ্গে আমাদের সীমান্তবর্তী জেলা ৩০টি এবং মিয়ানমারের সঙ্গে তিনটি জেলা রয়েছে। সেজন্যই সীমান্তবর্তী জেলার পুলিশ সুপারদের আগেই সতর্কবার্তা দেওয়া হয়েছে। আমরা সর্বাত্মক চেষ্টা করব, যেন এ ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের নিরাপত্তা বিঘিœত না হয়।’
এদিকে বাংলাদেশ পুলিশ বার্ষিক শুটিং প্রতিযোগিতা এবং আইজিপি কাপ-২০২৪ চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। রানার্সআপ হয়েছে স্পেশাল ব্রাঞ্চ (এসবি)। পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা ৫ থেকে ৭ মে পর্যন্ত এ প্রতিযোগিতায় ছয়টি ইভেন্টে অংশ নেন। প্রতিযোগিতায় .১৭৭ এয়ার রাইফেল ওপেন সাইট ১০ মিটার (পুরুষ) ইভেন্টে প্রথম হয়েছেন এসবিতে সংযুক্ত নায়েক তানজীব হোসেন খন্দকার, দ্বিতীয় স্থান অর্জন করেছেন এসবির এএসআই (নিরস্ত্র) মো. মনিরুল ইসলাম ও তৃতীয় স্থান অর্জন করেছেন ফেনীর এএসআই (নিরস্ত্র) এ বি এস এম হাসান।
একই ইভেন্টে নারীদের মধ্যে প্রথম হয়েছেন এসবির নারী কনস্টেবল তানিয়া আক্তার, দ্বিতীয় স্থান অর্জন করেছেন এসবির নারী কনস্টেবল নীলা খাতুন ও তৃতীয় স্থান অর্জন করেছেন এসবির নারী কনস্টেবল নীলা আক্তার। .২২ বোর রাইফেল ওপেন সাইট ৫০ মিটার (পুরুষ) ইভেন্টে প্রথম স্থান অর্জন করেছেন আরএমপির অতিরিক্ত পুলিশ সুপার নাসিদ ফরহাদ, দ্বিতীয় স্থান অর্জন করেছেন এসবির কনস্টেবল শাকিল আহমেদ ও তৃতীয় স্থান অর্জন করেছেন এসবিতে সংযুক্ত নায়েক তানজীব হোসেন খন্দকার। একই ইভেন্টে নারীদের মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন এসবির এএসআই (নিরস্ত্র) ইসমত আরা, দ্বিতীয় স্থান অর্জন করেছেন এসবির নারী কনস্টেবল আমেনা আক্তার ও তৃতীয় স্থান অর্জন করেছেন এসবির এএসআই (নিরস্ত্র) নীলিমা আক্তার। .২২ বোর পিস্তল/রিভলভার ২৫ মিটার (পুরুষ) ইভেন্টে প্রথম হয়েছেন সারদা, রাজশাহীর পুলিশ সুপার শেখ মো. আব্দুল্লাহ বিন কালাম, দ্বিতীয় হয়েছেন র্যাবের সার্জেন্ট জুবায়ের ও তৃতীয় হয়েছেন ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার শাহেদ আহমেদ। একই ইভেন্টে নারীদের মধ্যে প্রথম হয়েছেন এসবির নারী কনস্টেবল রুনা আক্তার, দ্বিতীয় স্থান অর্জন করেছেন একই ইউনিটের নারী কনস্টেবল নীলা খাতুন এবং তৃতীয় স্থান অর্জন করেছেন এসবির এএসআই (নিরস্ত্র) ইসমত আরা। প্রতিযোগিতায় ম্যান অব দ্য টুর্নামেন্ট (পুরুষ) হয়েছেন এসবিতে সংযুক্ত নায়েক তানজীব হোসেন খন্দকার এবং ম্যান অব দ্য টুর্নামেন্ট (নারী) হয়েছেন এসবির নারী কনস্টেবল রুনা আক্তার।
