ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির ফিটনেস সনদ প্রদানে ঘুষ লেনদেন, দালাল চক্রের দৌরাত্ম্যসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে গতকাল বুধবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্র্তৃপক্ষের (বিআরটিএ) ৩৫টি কার্যালয়ে একযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট ইউনিট।
দুদকের তথ্য বলছে, উত্তরা দিয়াবাড়ি বিআরটিএ অফিসে অভিযান পরিচালনাকালে অফিসের আশপাশে দালালদের দৌরাত্ম্য দেখা যায়। বিআরটিএর মোটরযান পরিদর্শক লাভলু শিকদারের হোয়াটসঅ্যাপে বিকাশ লেনদেনসংক্রান্ত কথোপকথন পাওয়া যায়।
অভিযানকালে বিআরটিএ অফিস থেকে যেসব গাড়ির ফিটনেস দেওয়া হয়েছে, সেগুলোর রেকর্ডপত্র সংগ্রহ করা হয়। এসব রেকর্ডপত্র পর্যালোচনা শেষে কমিশনে একটি প্রতিবেদন দাখিল করা হবে।
যশোর বিআরটিএ : যশোর বিআরটিএ অফিসে অভিযানকালে তিন দালালকে হাতেনাতে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পরিচালিত মোবাইল কোর্টে তিনজনকে ১ হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়। একজনকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
শেরপুর বিআরটিএ : সেখানে দুদক কর্মকর্তারা ছদ্মবেশে সেবাগ্রহীতা সেজে অভিযানের আগে অফিসের কিছু স্টাফের সঙ্গে দালাল ও অফিসসংলগ্ন কম্পিউটার দোকানের সংশ্লিষ্টতা পান। স্টাফের সহায়তায় দালালরা টাকা নিয়ে লাইসেন্স তৈরি করে দেন। টাকা না দিলে পরীক্ষায় ফেল করিয়ে দেওয়া হয়।
নীলফামারী বিআরটিএ : সংশ্লিষ্ট অফিসে অভিযানকালে দুই দালাল হাতেনাতে আটক হন এবং তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের মোবাইল কোর্ট অর্থদণ্ড প্রদান করে।
বরিশাল বিআরটিএ : দুদক টিম ছদ্মবেশে সেখানে অবস্থানকালে এক দালাল দুটি লাইসেন্সের জন্য ১০ হাজার ৫০০ করে মোট ২১ হাজার টাকা দাবি করেন। যেখানে লাইসেন্স ফি মাত্র ৩ হাজার ৫২২ টাকা। অভিযানকালে কথোপকথনের অডিও-ভিডিও রেকর্ড করে দালালকে হাতেনাতে ধরা হয় এবং পরে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।
বাগেরহাট বিআরটিএ : সেখানে অভিযানকালে আউটসোর্সিং কর্মীদের বিকাশে অস্বাভাবিক লেনদেন ও টাকা আদান-প্রদানের বার্তা পাওয়া যায়। পরীক্ষা খাতা পর্যালোচনায় দেখা যায়, অনেকে ফেল করলেও অনৈতিক সুবিধার মাধ্যমে পাস করানো হয়েছে।
গোপালগঞ্জ বিআরটিএ : সেখানে অভিযানকালে লাইসেন্স ও ফিটনেস সনদ ইস্যুতে ঘুষ লেনদেন, রেজিস্টার খাতায় সিরিয়াল নম্বর ফাঁকা রেখে দুর্নীতির সুযোগ রাখা, দালালের মাধ্যমে অতিরিক্ত অর্থ আদায়, দীর্ঘদিন একই কর্মস্থলে থেকে কর্মকর্তাদের অনিয়মে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়। সহকারী পরিচালক সপ্তাহে এক দিন অফিস করায় সেবাগ্রহীতারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
ঠাকুরগাঁও বিআরটিএ : অভিযানকালে দালালদের দৌরাত্ম্য ও অনিয়ম স্পষ্টভাবে প্রতীয়মান হয়। দুজন দালালের মোবাইল নম্বর শনাক্ত করা হয়। ব্যবহারিক পরীক্ষায় ৩০০ টাকা করে আদায় এবং পরীক্ষায় অংশ না নিয়ে কিছু ব্যক্তিকে পাস করানোর তথ্য পাওয়া যায়। দুজন বহিরাগত ব্যক্তি কর্মচারী পরিচয়ে অফিসের বাইরে প্রভাব বিস্তার করেন। তাদের বিষয়ে আইনি পদক্ষেপের জন্য বিআরটিএকে বলা হয়।
দিনাজপুর বিআরটিএ : অভিযানকালে সেবাগ্রহীতাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ নেওয়ার প্রাথমিক সত্যতা পাওয়া যায়। ঘটনার সঙ্গে জড়িত থাকায় দুজনকে চার দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আরও দুজনকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।
এ ছাড়া বিআরটিএর টাঙ্গাইল, বগুড়া, লক্ষ্মীপুর, কক্সবাজার, চট্টগ্রাম, কুমিল্লা, রাজবাড়ী, মৌলভীবাজার, চুয়াডাঙ্গা, খুলনা, কিশোরগঞ্জ, কুড়িগ্রাম, মেহেরপুর, মাদারীপুর, নেত্রকোনা, নোয়াখালী, জয়পুরহাট, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ, সিলেট, রাঙ্গামাটি অফিসে অভিযানকালে কিছু অনিয়ম ও দুর্নীতির সত্যতা পাওয়া যায়।
অভিযানে প্রাপ্ত তথ্য ও সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনা শেষে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রতিটি এনফোর্সমেন্ট টিম কমিশনে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে। ওই প্রতিবেদনের ওপর ভিত্তি করে কমিশন প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেবে।
