৭
নিজস্ব প্রতিবেদক
জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে ‘মোবাইল জার্নালিজম : বুট ক্যাম্প ফর ল’ রিপোর্টার্স’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার আইন, বিচার ও মানবাধিকারবিষয়ক সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) সদস্যদের নিয়ে দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট। এতে সহযোগিতা করে ইউএনডিপি, সুইডিশ দূতাবাস ও সুপ্রিম কোর্ট। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. আজিজ আহমদ ভূঞা প্রধান বিচারপতি ঘোষিত রোডম্যাপ তুলে ধরে বলেন, ‘বিচার বিভাগ সংস্কারের প্রধান বিচারপতি ঘোষিত রোডম্যাপের বেশ কিছু ইতিমধ্যে বাস্তবায়ন হয়েছে। পৃথক সচিবালয়সহ কয়েকটি বিষয় প্রক্রিয়াধীন রয়েছে। বিচার বিভাগের স্বাধীনতায় এগুলো বাস্তবায়নে গণমাধ্যম অগ্রণী ভূমিকা পালন করতে পারে।’
ইউএনডিপি বাংলাদেশের আইন, বিচার এবং নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা রোমানা শোয়েগার বলেন, বিচার বিভাগকে শক্তিশালী করতে আদালত ব্যবস্থাপনা ডিজিটালাইজড করা দরকার। জনগণের জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে স্বতন্ত্র প্রসিকিউশন ও স্বতন্ত্র তদন্ত সংস্থা গঠনের ওপর গুরুত্বারোপ করেন তিনি। এ সময় তিনি এ ধরনের কর্মশালা আয়োজনে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।
সকালে কর্মশালার উদ্বোধন করেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক মো. কাউসার আহাম্মদ।
