দক্ষিণ সুদানে নীল নদ উপকূলে চলমান সংঘাতের কারণে মারাত্মক খাদ্যঝুঁকিতে আছে অন্তত ৬০ হাজার শিশু। বৃহস্পতিবার জাতিসংঘের দুটি ভিন্ন সংস্থা বলেছে, চলমান সংঘাতের কারণে দেশটির উত্তর-পূর্বাঞ্চলে প্রায় মাসখানেক ধরে ত্রাণ সহায়তা পাঠানো ব্যাহত হচ্ছে। বিশ্ব খাদ্য কর্মসূচি এবং ইউনিসেফ জানিয়েছে, নীল নদের উজানের দিকের অঞ্চলে চলতি মাসেই খাবার সংকট দেখা দেবে বলে তাদের আশঙ্কা রয়েছে। অথচ দক্ষিণ সুদানের ওই অংশেই অপুষ্টির শিকার মানুষের সংখ্যা সর্বোচ্চ। সংস্থা দুটির যৌথ বিবৃতিতে বলা হয়েছে, যেকোনো সংকটে শিশুরাই প্রথম ভুক্তভোগী হয়। তা প্রতিহত করতে আমাদের উচিত খাদ্য সরবরাহ নিশ্চিত করা। নইলে খাদ্য ঘাটতির কারণে ইতিমধ্যেই ভঙ্গুর হয়ে পড়া এলাকায় অপুষ্টির মাত্রা মারাত্মক আকার ধারণ করবে।
বিবৃতিতে আরও বলা হয়, গত মাসের মাঝামাঝি নীল নদের উজানে হাজার টনের খাদ্য নিয়ে পাঠানো একটি নৌবহর নিরাপত্তার অভাবে গন্তব্যে না পৌঁছেই ফিরে আসতে বাধ্য হয়।
