‘অবৈধভাবে বালু উত্তোলন করলে কঠোর শাস্তির আওতায় আনা হবে। সে যে দলেরই হোক।’ বলেছেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড. এম সাখাওয়াত হোসেন।
গতকাল শুক্রবার সকালে বরিশালের হিজলা উপজেলার মৌলভীরহাট খেয়াঘাটসংলগ্ন বিআইডব্লিউটিএর ড্রেজিং কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সাখাওয়াত হোসেন বলেন, ‘যারা নদীর বালু নিয়ম না মেনে উত্তোলন করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সে কোন দল করে তা কোনো বিষয় নয়। আমি প্রশাসন ও পুলিশকে বলে দিয়েছি।’ গত ১৫ বছরে কোনো দৃশ্যমান উন্নয়ন হয়নি উল্লেখ করে তিনি আরও বলেন, ‘এখন যখন উন্নয়নের জন্য কাজ করতে যাওয়া হয়, তখনই একের পর এক বাধা আসে। কিন্তু এখন আর কোনো বাধায় কাজ থেমে থাকবে না। যেখানে বেশি মানুষের উপকার হবে, সেখানে ড্রেজিংয়ের কাজ চলবে।’ হিজলার মৌলভীরহাট লঞ্চঘাটসংলগ্ন মেঘনার শাখা নদীটিকে গুরুত্বপূর্ণ নৌরুট হিসেবে উল্লেখ করে উপদেষ্টা বলেন, এটি চর পড়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। অতীতে ড্রেজিংয়ের উদ্যোগ নেওয়া হলেও স্থানীয় কিছু সুবিধাবাদি পক্ষ বাধা দিত। তিনি আরও জানান, বরিশালের মীরগঞ্জ এলাকায় একটি সেতুর অনুমোদন দেওয়া হয়েছে। ওই এলাকাও তিনি সফর করবেন বলে জানান। এ সেতু নির্মিত হলে এলাকার দীর্ঘদিনের যোগাযোগ দুর্ভোগ লাঘব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
ড্রেজিং কার্যক্রম পরিদর্শনের সময় বরিশালের বিভাগীয় কমিশনার রায়হান কাওছার, জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসেনসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
