উপাচার্যের পদত্যাগ দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল

আপডেট : ১১ মে ২০২৫, ০৯:২০ পিএম

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. শূচিতা শরমিনের পদত্যাগের এক দফা দাবিতে প্রতিবাদী মশাল মিছিল করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। রবিবার (১১ মে) রাত সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের গ্রান্ডফ্লোর থেকে মশাল মিছিল শুরু হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের ৩ নম্বর গেট হয়ে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক ও ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা প্রদক্ষিণ করে আন্দোলনকারীরা।

এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীরা ‘এক দফা এক দাবি, ভিসি তুই কবে যাবি’, ‘বারে বারে মামলা, এবার গদি সামলা’, ‘ক্যাম্পাস আমার গোল্লায় যায়, ভিসি কেন ঢাকায় রয়’, ‘মামলাবাজ ভিসির ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’, ‘সাত মাস চলে গেলো, উন্নয়নের কি হলো’, ‘স্বৈরাচার ভিসি আর না আর না’, ‘এক দুই তিন চার, এই মুহূর্তে গদি ছাড়’ স্লোগান দিতে থাকে।

আন্দোলনরত শিক্ষার্থী মোকাব্বেল শেখ বলেন, এই বিশ্ববিদ্যালয় উপাচার্য ড. শূচিতা শরমিনের কাছে আর নিরাপদ নয়। শিক্ষার্থীরা প্রতিনিয়ত প্রতিবাদ করে যাচ্ছে। আমরা আজকে এই প্রতিবাদী মিছিল থেকে বলতে চাই, আপনার (উপাচার্যের) যদি লজ্জাশরম থেকে থাকে তাহলে চলে যান। শিক্ষার্থীরা আপনাকে আর চায় না।

আন্দোলনরত শিক্ষার্থী সুজয় বিশ্বাস সুভ বলেন, দীর্ঘদিন ধরে আমরা ভিসি পদত্যাগের জন্য আন্দোলন করে আসছি। উপাচার্য অনতিবিলম্বে যদি পদত্যাগ না করে আমরা তাহলে আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।

আন্দোলনরত শিক্ষার্থী মোশাররফ হোসেন বলেন, আমরা দীর্ঘদিন ধরে উপাচার্য শূচিতা শরমিনের পদত্যাগের দাবিতে আন্দোলন করে আসছি। আগামীকাল আমাদের শিক্ষক-শিক্ষার্থীদের মহাসমাবেশ রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি আমাদের দাবি না মানে তাহলে আমরা অনশন কর্মসূচি ঘোষণা করবো। আমরা দক্ষিণবঙ্গ অচল করার মত কার্যক্রমে যেতে বাধ্য হবো। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত