রোনালদোর আগেই সৌদি লিগের শিরোপা জিতলেন বেনজেমা

আপডেট : ১৬ মে ২০২৫, ১০:৪০ এএম

একটা সময় দুজনেই রিয়াল মাদ্রিদের হয়ে ইউরোপিয়ান ফুটবল মাতিয়েছেন। ক্যারিয়ারের শেষপ্রান্তে এসে দুজনেই খেলছেন সৌদি আরবের লিগে। তবে পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর আগেই সৌদি প্রো লিগের শিরোপার স্বাদ পেলেন সাবেক ফরাসি সুপারস্টার করিম বেনজেমা। আল-রায়েদের বিপক্ষে ৩-১ গোলের জয়ে লিগ শিরোপা নিশ্চিত করে ফেলেছে বেনজেমার দল আল ইতিহাদ।

বৃহস্পতিবার রাতে কিং আবদুল্লাহ স্পোর্ট সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শিরোপা নিশ্চিত করতে বেনজেমাদের জয় কিংবা ড্র করলেই চলত। ৯ম মিনিটে রায়েদকে এগিয়ে নেন ওমার গনজালেজ। এরপরই পাল্টা আক্রমণ শুরু করে ইতিহাদ। ২১ মিনিটে ম্যাচে সমতা টানেন স্টিভেন বার্গউইজন। এরপর ৪০তম মিনিটে ইতিহাদকে এগিয়ে দেন পেরেইরা।

দ্বিতীয়ার্ধের শুরুতেই আব্দুল রহমানের গোলে শিরোপার পথে এগিয়ে যায় ইতিহাদ। শেষ পর্যন্ত ম্যাচটি ৩-১ স্কোরলাইনেই শেষ হয়। লিগে দুর্দান্ত ফর্মে ছিলেন বেনজেমা। ২৮ ম্যাচ খেলে ২১টি গোল করার পাশাপাশি ৯টি অ্যাসিস্টও করেছেন এই ফরাসি তারকা। এই মৌসুমে এখন পর্যন্ত তিনটি ম্যাচ হেরেছে ইতিহাদ। ৩২ ম্যাচে ২৪ জয় ও পাঁচ ড্রয়ে তাদের পয়েন্ট ৭৭। দুই ম্যাচ বাকি থাকতেই নিশ্চিত হয়েছে শিরোপা।

অন্যদিকে ৩১ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে রোনালদোর আল-নাসর। ২০২৩ সালের জানুয়ারিতে আল নাসরে যোগ দেওয়ার পর দুই মৌসুম শিরোপাহীন থাকলেন রোনালদো। শুধু তাই নয়, চার নম্বরে থাকা রোনালদোর দল এশিয়ার পর্যায়ে লড়াই করারও যোগ্যতা হারাতে বসেছে! রোনালদো ফর্মে থাকলেও তার দলের অবস্থা সুবিধার নয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত