বিজিবি-জনতা রুখে দিল ‘৭৫০ জনকে’ পুশ-ইনের চেষ্টা

আপডেট : ১৭ মে ২০২৫, ০৪:১২ এএম

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা সীমান্ত দিয়ে গভীর রাতে ‘৭৫০ জনকে’ বাংলাদেশে ঠেলে দেওয়ার (পুশ-ইন) চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবি ও স্থানীয় মানুষের কঠোর প্রতিরোধের মুখে তাদের সে চেষ্টা ব্যর্থ হয়েছে।

গত বৃহস্পতিবার রাত ২টার দিকে বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। এ নিয়ে রাতভর সীমান্তে উত্তেজনা বিরাজ করলেও পরিস্থিতি টের পেয়ে বিএসএফ সরে যাওয়ায় কোনো সমস্যা দেখা দেয়নি বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহাম্মেদ।

বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর কালাছড়া ওয়ার্ডের সদস্য মো. ফরহাদ আলী বলেন, ‘রাত ২টার দিকে বিজিবি সদস্যরা আমাদের জানায় ৭৫০ জনকে বাংলাদেশে পুশ-ইন করে পাঠাবে বিএসএফ। পরে এলাকার মানুষকে নিয়ে সীমান্তে যেতে বলি। এ বিষয়ে মসজিদের মাইকে ঘোষণা দিলে সিঙ্গারবিল, বিষ্ণুপুর, নলঘরিয়া, মেরাসানী, নোয়াবাদী সীমান্তে শত শত লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জড়ো হয়।’ তিনি আরও বলেন, ‘অনেকে ফেসবুকে লাইভে এসেও মানুষকে জড়ো হওয়ার আহ্বান জানান। পরে লোকজন জড়ো হলে বিএসএফ সরে যায়।’

স্থানীয় আরেক ইউপি সদস্য মামুন চৌধুরী বলেন, ‘বিএসএফ পুশ-ইনের চেষ্টা করলে এলাকায় মাইকিং করা হয়। বিজিবির সহযোগিতায় লোকজন সীমান্তে গিয়ে জড়ো হয়ে তাদের পিছু হটতে বাধ্য করে। তবে কতজনকে সীমান্তে আনা হয়েছিল সেটা নিশ্চিত করে বলতে পারছি না।’

বিষ্ণুপুর বিজিবি ক্যম্পের (সুবেদার) শরিফ মাহাবুব বলেন, ‘গোপন তথ্যে জানতে পারি বিএসএফ ৭৫০ জনকে বাংলাদেশে পুশ-ইন করাবে। এই খবরে সীমান্ত এলাকার সবাইকে নিয়ে মাইকিং করিয়ে বিএসএফের অপতৎপরতা রুখে দিয়েছি। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

বিজয়নগর থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, ‘সীমান্তের পরিস্থিতি স্বাভাবিক আছে। পুশ-ইন চেষ্টার খবরে জনগণ বিজিবির সঙ্গে থেকে প্রতিহত করেছে।’

বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহাম্মেদ বলেন, ‘পুশ-ইন ও মাদক কোনোভাবেই বাংলাদেশে আসতে পারবে না। এ ব্যাপারে বিজিবি সবসময়ই সতর্ক অবস্থায় আছে।’ তবে কতজন পুশ-ইন করবে এ সংখ্যার ব্যাপারে জানেন না বলে জানান এ বিজিবি কর্মকর্তা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত