ফোনে কথা বলার সময় ট্রেনে কাটা পড়ে নিহত পুলিশ কর্মকর্তা

আপডেট : ১৮ মে ২০২৫, ০১:২২ পিএম

রাজধানীর উত্তরা আজমপুর রেলগেটে ট্রেনে কাটা পড়ে কে. এম. মনসুর আলী (৪০) নামে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। তিনি বাংলাদেশ পুলিশের উপপরিদর্শক (এসআই) পদে দক্ষিণখান থানায় কর্মরত ছিলেন।

আজ শনিবার রাত সোয়া ৯টার দিকে আজমপুর মধ্যপাড়া ৪ নম্বর সেক্টরের ১০ নম্বর রোড সংলগ্ন রেললাইনে এই দুর্ঘটনা ঘটে। ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পর রেলওয়ে পুলিশ রাতেই মরদেহ উদ্ধার করে। পরে আজ রবিবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

ঢাকা রেলওয়ের বিমানবন্দর ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক মোহাম্মদ আলী জানান, নিহত মনসুর আলী ওই সময় রেললাইনের ওপর দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলছিলেন। এ সময় কমলাপুরগামী পদ্মা এক্সপ্রেস ট্রেন এসে তাকে ধাক্কা দিলে তিনি ট্রেনের নিচে কাটা পড়ে মারা যান।

তিনি আরও জানান, মনসুর আলী পরিবার নিয়ে রাজধানীর পল্লবীর বাইগারটেক এলাকায় নিজ বাড়িতে বসবাস করতেন। তার বাবার নাম সানোয়ার আলী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত