ইপিবি ভাইস চেয়ারম্যান

আমদানি-রপ্তানি নিষেধাজ্ঞায় ক্ষতিগ্রস্ত দুই দেশের ভোক্তা

আপডেট : ২১ মে ২০২৫, ১২:৪৩ এএম

স্থলপথ দিয়ে বেশ কিছু পণ্য রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞা জারি প্রসঙ্গে বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন মন্তব্য করেন, এর ফলে শুধু বাংলাদেশ একাই ক্ষতিগ্রস্ত হচ্ছে না। উভয় দেশের ভোক্তারা ক্ষতিগ্রস্ত হবেন। এ নিয়ে পাশের দেশের ব্যবসায়ীদের উদ্বেগের কারণ রয়েছে। তারাও উদ্বিগ্ন।

গতকাল মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিলনায়তনে আম রপ্তানিকারক ও আম ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। ভাইস চেয়ারম্যান বলেন, ‘রপ্তানি নিষেধাজ্ঞায় আমাদের যে যে খাতে ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে, সেসব খাতের উদ্যোক্তাদের সঙ্গে কথা বলেছি। বাণিজ্য মন্ত্রণালয়কে অবহিত করেছি এবং সরকারকে অনুরোধ করেছি, যাতে সরকারি পর্যায়ে আলোচনার পথ তৈরি করা হয় এবং কূটনৈতিক উদ্যোগ যেন নেওয়া হয়। এরই মধ্যে সরকারি পর্যায়ে এবং দুদেশের ব্যবসায়িকরা কাজ শুরু করেছেন। দুদেশের পারস্পরিক সম্পর্ক গভীর রয়েছে এবং দুদেশের ব্যবসায়ীদের মধ্যেও সম্পর্ক অত্যন্ত গভীর। সরকার ও ব্যবসায়ীদের আলোচনায় ভালো ফলাফল চলে আসবে।’

চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় চাঁপাইনবাবগঞ্জের আম ব্যবসায়ী, উদ্যোক্তাসহ রপ্তানিকারকরা বক্তব্য রাখেন। এতে চাঁপাইনবাবগঞ্জের আম বিভিন্ন দেশে রপ্তানির সমস্যা ও সম্ভাবনার নানা দিক নিয়ে আলোচনা করা হয়। মতবিনিময় সভায়, রপ্তানি উন্নয়ন ব্যুরো, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের কর্মকর্তাসহ ব্যবসায়ী নেতারা অংশ নেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত