পূর্ববিরোধের জেরে ধরে সিরাজগঞ্জের শাহজাদপুরে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে নজরুল ইসলাম (৫০) নামের এক কৃষক নিহত হয়েছেন। মানিকগঞ্জের সিংগাইরে রাহুল আহমেদ খান (১৭) নামের এক তরুণকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মুন্সীগঞ্জ সদরের মিরকাদিমে স্ত্রীকে হত্যার পর পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন স্বামী। নারায়ণগঞ্জে স্ত্রীকে হত্যা করে দুই সন্তানকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
সিরাজগঞ্জে ফালার আঘাতে কৃষক নিহত: শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের কুলিয়ারচরে গতকাল মঙ্গলবার সকালে কুলিয়ারচর ও বাগধুনাইল গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে নিহত নজরুল ইসলাম রূপবাটি ইউনিয়নের বাগধুনাইল গ্রামের মৃত সেরাজুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, পূর্ববিরোধের জেরে সকাল ৯টার দিকে দুই গ্রামের বাসিন্দারা সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে নজরুল ইসলাম প্রতিপক্ষের ফালার আঘাতে নিহত হন। এ ছাড়া সংঘর্ষে আহত হন ১০ জন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মুন্সীগঞ্জে স্ত্রীকে হত্যা করে আত্মসমর্পণ : পারিবারিক কলহের জেরে বিয়ের ৮ মাসের মাথায় মুন্সীগঞ্জ সদরের মিরকাদিমে স্ত্রী মিতু আক্তারকে (২৮) বঁটি দিয়ে কুপিয়ে হত্যার পর পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন স্বামী সুমন মিয়া (৪৫)। গত সোমবার রাত ২টার দিকে মিরকাদিম পৌরাসভার পূর্বপাড়া এলাকায় এ হত্যাকা-ের ঘটনা ঘটে।
গতকাল মঙ্গলবার ভোরে সদর থানায় এসে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন স্বামী সুমন। নিহত মিতু আক্তার পৌরসভার নৈদীঘির পাথর এলাকার মন্টু মিয়ার মেয়ে। সুমন পূর্বপাড়া এলাকার শরীয়তউল্লাহর ছেলে।
স্বজনরা জানিয়েছেন, পারিবারিকভাবে প্রায় ৮ মাস আগে মিতু ও সুমনের মধ্যে বিয়ে হয়। দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে। মিতুর আগের সংসারে ৩ সন্তান রয়েছে। সুমনের সঙ্গে মিতুর বিয়ের পর থেকে দুজনের মধ্যে প্রায়ই ঝগড়া লেগে থাকত।
মুন্সীগঞ্জ সদর থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, থানায় এসে আত্মসমর্পণ করে পুলিশের কাছে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেন স্বামী সুমন মিয়া।
নারায়ণগঞ্জে স্ত্রীকে হত্যা : নারায়ণগঞ্জে স্ত্রী লাকি আক্তারকে শ্বাসরোধে হত্যা করে দুই সন্তানকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে স্বামী শিপনের বিরুদ্ধে। গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে ফতুল্লা রেলস্টেশন এলাকায় ফজলু মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত লাকি আক্তার (২৬) পটুয়াখালীর বাউফল থানার শ্বানেস্বর গ্রামের সাত্তার হাওলাদারের মেয়ে।
নিহত লাকির ভাগ্নে ইমাম হোসেন জানান, ফতুল্লা বাজার এলাকার শিপনকে (৪০) ভালোবেসে বিয়ে করেন লাকি। ফজলু মিয়ার বাড়িতে তারা ভাড়া থাকতেন।
সিংগাইরে তরুণকে কুপিয়ে হত্যা : মানিকগঞ্জের সিংগাইরে রাহুল আহমেদ খান (১৭) নামের এক তরুণকে কুপিয়ে হত্যা করছে দুর্বৃত্তরা। রাহুল উপজেলার ধল্লা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য মেদুলিয়া গ্রামের নজরুল ইসলাম খানের ছেলে। গত সোমবার রাত ৮টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের খাসেরচর কোল (খাল) পাড় হানিফের ডাঙ্গার পাশে এ হত্যাকাণ্ড ঘটে। সিংগাইর থানার ওসি জেওএম তৌফিক আজম বলেন, হত্যাকারীদের গ্রেপ্তারে জোর চেষ্টা চলছে।
