মুন্সীগঞ্জের সিরাজদীখানে নিজ বাড়ি থেকে হাত-পা বাঁধা অবস্থায় আমির শেখ (৭০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২১ মে) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার আবিরপাড়া গ্রামের দ্বিতল ভবনের দ্বিতীয়তলা থেকে ওই বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়।
ভাড়াটিয়া নাসিমা বেগম জানান, সকালে ট্যাংকিতে পানি তোলার মোটর ছাড়ার জন্য ভবন মালিক আমিরকে ডাকতে দ্বিতীয়তলায় যান তিনি। এসময় উপড়ে উঠার সিঁড়ি সংলগ্ন একটি কক্ষের মেঝেতে আমির শেখকে পড়ে থাকতে দেখেন। তিনি ভয় পেয়ে চিৎকার করলে অন্যান্য ভাড়াটিয়ারা ছুটে আসেন। এরপর থানায় খবর দেন।
সিরাজদীখান থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ আল মামুন জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে । ভবনের দ্বিতীয় তলায় বৃদ্ধ একাই থাকতেন। তার ৪ মেয়ের বিয়ে হয়ে গেছে। স্ত্রী ঢাকাতে এক মেয়ের সঙ্গে থাকেন।
