দুর্নীতি না করার শপথ নেবেন শিক্ষার্থীরা

আপডেট : ২২ মে ২০২৫, ০৭:৩৯ এএম

এখন থেকে দুর্নীতি না করার অঙ্গীকারসহ বৈষম্যহীন রাষ্ট্র গড়ার নতুন শপথ নেবে শিক্ষার্থীরা। দেশের মাধ্যমিক ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে প্রাত্যহিক সমাবেশে নতুন শপথ পাঠ করানোর নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। গতকাল বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

নতুন শপথে বাদ পড়েছে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ও এ সংগ্রামে  শেখ মুজিবুর রহমানের কথা। বাদ পড়েছে ‘অসাম্প্রদায়িক চেতনায়’ দেশ গড়ার প্রত্যয়ও।

শপথ বাক্যটি হলো : ‘আমি শপথ করিতেছি যে, মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব। দেশের প্রতি অনুগত থাকিব। দেশের একতা ও সংহতি বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব। অন্যায় ও দুর্নীতি করিব না এবং অন্যায় ও দুর্নীতিকে প্রশ্রয় দিব না। হে মহান আল্লাহ/মহান সৃষ্টিকর্তা আমাকে শক্তি দিন, আমি যেন বাংলাদেশের সেবা করিতে পারি এবং বাংলাদেশকে একটি আদর্শ, বৈষম্যহীন ও শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়িয়া তুলিতে পারি। আমিন।’ জাতীয় সংগীত পরিবেশনের পর শপথবাক্যটি পাঠের সিদ্ধান্ত দেওয়া হয়।

২০২২ সালের আগে যে শপথটি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পাঠ করা হতো সেটি ছিল : ‘আমি শপথ করিতেছি যে, মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব। দেশের প্রতি অনুগত থাকিব। দেশের একতা ও সংহতি বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব। হে মহান আল্লাহ/মহান সৃষ্টিকর্তা, আমাকে শক্তি দিন, আমি যেন বাংলাদেশের সেবা করিতে পারি এবং বাংলাদেশকে একটি শক্তিশালী ও আদর্শ রাষ্ট্র হিসেবে গড়িয়া তুলিতে পারি। আমিন।’

২০১৩ সালের আগে ‘অন্যায় ও দুর্নীতি করিব না এবং অন্যায় ও দুর্নীতিকে প্রশ্রয় দিব না’ অংশটি বাদে বাকি শপথবাক্যটি পাঠ করা হতো শিক্ষাপ্রতিষ্ঠানের সমাবেশে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) সুপারিশে ২০১৩ সালের ১১ এপ্রিল শপথে ‘অন্যায় ও দুর্নীতি করিব না এবং অন্যায় ও দুর্নীতিকে প্রশ্রয় দিব না’ অংশটি যুক্ত হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত