তৃণমূলে ফুটবল উৎসবের দিন

আপডেট : ২৪ মে ২০২৫, ১২:০৩ এএম

যশোরে শামস-উল-হুদা ফুটবল একাডেমিতে শুক্রবার এএফসি গ্রাসরুট ডে ও ওয়ার্ল্ড ফুটবল উইক আয়োজন করে বাফুফে। এই ফুটবল উৎসবে অংশ নিয়েছে খুলনা বিভাগের ১৫টি ফুটবল একাডেমির প্রায় ৬০০ ফুটবলার। এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন ঢাকায় নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত এইচ ই মার্শেলো কার্লোস সিসা।

বাংলাদেশ ফুটবলের সফলতা কামনা করে আর্জেন্টিনার রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশে ফুটবল খেলা হয় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা নিয়ে। এখানে ধনী-গরিব, ছোট-বড় সব স্তরের মানুষই ফুটবল খেলা দেখতে মাঠে আসেন। ফুটবল খেলার আনন্দ সবাই ভাগাভাগি করে নেয়। আমার দৃঢ় বিশ্বাস, বাংলাদেশের ফুটবলে সফলতা আসবে।’

এতে অংশ নেওয়া ফুটবলারদের বয়স ছিল ৮ থেকে ১৪ বছর। একাডেমির ১০টি মাঠে ২০ মিনিট করে সেভেন-এ-সাইড ফুটবল ম্যাচ হয়। এ আয়োজনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়ালও। বাফুফে সভাপতি বলেন, ‘আমরা চাই শামস-উল-হুদা ফুটবল অ্যাকাডেমি যা করছে, তাতে গ্রামপর্যায় থেকে ফুটবলের উন্নয়ন হবে। ফুটবলের উন্নয়নে আমরা এমন মাঠই চাই। আমরা তৃণমূল পর্যায়ের ফুটবলারদের উন্নয়ন করতে চাই। গ্রাসরুটস ফুটবল দিবস ও বিশ্ব ফুটবল সপ্তাহে তৃণমূল থেকে ৬০০ ফুটবলার অংশ নিয়েছে। এটা একটি বড় রেকর্ড।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত