আনাসসহ ৬ শিক্ষার্থী হত্যায় ট্রাইব্যুনালে অভিযোগপত্র দাখিল

আপডেট : ২৫ মে ২০২৫, ১২:০৩ পিএম

রাজধানীর চানখাঁরপুলে শিক্ষার্থী শাহরিয়ার খান আনাস হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আজ রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করা হয়েছে। চলমান ছাত্র-জনতার গণআন্দোলনের সময় আর্মড পুলিশ ব্যাটালিয়নের গুলিতে নিহত হন আনাস।

গত ২০ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা আটজনকে অভিযুক্ত করে একটি পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা দেয়। সেই প্রতিবেদন আজ ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়।

অভিযুক্তদের মধ্যে রয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপ-কমিশনার শাহ আলম ও মো. আখতারুল ইসলাম, রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল, শাহবাগ থানার সাবেক পরিদর্শক মো. আরশাদ হোসেন, কনস্টেবল মো. সুজন হোসেন, ইমাজ হোসেন ও মো. নাসিরুল ইসলাম। তাদের মধ্যে শেষের চারজন বর্তমানে কারাগারে থাকলেও বাকিরা পলাতক রয়েছেন।

মামলার এজাহারে বলা হয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট চানখাঁরপুল এলাকায় শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে রাষ্ট্রীয় বাহিনী প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে গুলি চালায়, যার ফলে বহু হতাহতের ঘটনা ঘটে।

তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ওই দিন আন্দোলন দমন করতে ব্যবহার করা হয় আগ্নেয়াস্ত্র, এপিসি কার, হেলিকপ্টার, ড্রোন এবং বিপুল পরিমাণ বুলেট। পুলিশের এই অভিযানে নিহত হন শাহরিয়ার খান আনাস, শেখ মাহদী হাসান জুনায়েদ, মো. ইয়াকুব, মো. রাকিব হাওলাদার, মো. ইসমামুল হক ও মানিক মিয়া শাহরিক।

প্রতিবেদনে আরও বলা হয়, পলাতক আসামি হাবিবুর রহমানসহ অন্যান্য অভিযুক্তরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং অধীনস্তদের গুলি চালানোর নির্দেশ দেন। তাদের প্রত্যক্ষ নির্দেশনা ও সহযোগিতাতেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত