জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্তির অধ্যাদেশ বাতিলসহ চার দফা দাবি আদায়ে সোমবার থেকে আমদানি-রপ্তানির সব কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। ঘোষণা অনুযায়ী দেশের আন্তর্জাতিক যাত্রীসেবা ছাড়া কর, শুল্ক ও ভ্যাট বিভাগের সব দপ্তরে পূর্ণাঙ্গ কর্মবিরতি পালন করবে তারা।
রবিবার (২৫ মে) বিকালে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ঐক্য পরিষদের নেতারা। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন উপ-কমিশনার আব্দুল কাইয়ুম ও মিজ রইসুন নেসা।
নতুন কর্মসূচি ঘোষণা করে তারা বলেন, সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কর, শুল্ক ও ভ্যাট বিভাগের সব দপ্তরে কর্মবিরতি চলবে। অর্থাৎ সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আন্তর্জাতিক যাত্রীসেবা এর আওতায় থাকবে না। এ ছাড়া ওষুধ ও জীবন রক্ষাকারী সরঞ্জাম আমদানিও কর্মবিরতির আওতামুক্ত থাকবে।
এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ বাতিলসহ চার দফা দাবিতে ১৩ দিন ধরে চলছে এ আন্দোলন। আজ সকাল ৯টা থেকে রাজধানীর আগারগাঁওয়ে এনবিআরের প্রধান কার্যালয়ের নিচে ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’ এর ব্যানারে আয়কর, শুল্ক ও ভ্যাট বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতির কর্মসূচি পালন করেছেন।
তাদের দাবিগুলো হলো:
১. জারি করা অধ্যাদেশ অবিলম্বে বাতিল করা।
২. অবিলম্বে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানকে অপসারণ করা।
৩. রাজস্ব সংস্কারবিষয়ক পরামর্শক কমিটির সুপারিশ জনসাধারণের জন্য ওয়েবসাইটে প্রকাশ করা।
৪. এনবিআরের প্রস্তাবিত খসড়া ও পরামর্শক কমিটির সুপারিশ ব্যবসায়ী সংগঠন, সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃত্বসহ সংশ্লিষ্ট সব অংশীজনের মতামত নিয়ে রাজস্বব্যবস্থার সংস্কার নিশ্চিত করা।
