আ.লীগ নেতাকে ছিনতাই

লক্ষ্মীপুরে ২২৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৯

আপডেট : ২৬ মে ২০২৫, ১২:০৮ এএম

লক্ষ্মীপুরের কমলনগরে হাতকড়াসহ আশরাফ উদ্দিন রাজন রাজু নামে এক আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় থানায় মামলা করা হয়েছে। গতকাল রবিবার সকালে কমলনগর থানার উপপরিদর্শক প্রদীপ চন্দ্র দাস বাদী হয়ে এ মামলা করেন। মামলায় আওয়ামী লীগ নেতা আশরাফ উদ্দিন রাজন রাজুকে প্রধান করে ২৭ জনের নাম উল্লেখসহ আরও ২০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। এ মামলায় ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

উপজেলার চরঠিকা এলাকায় গত শনিবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আশরাফ উদ্দিন রাজন রাজু চরকাদিরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং কমলনগর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি।

কমলনগর থানার ওসি তৌহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কয়েকটি মামলার আসামি আওয়ামী লীগ নেতা রাজুকে ধরতে পুলিশ চরঠিকায় যায়। এ সময় তাকে ধরে থানায় নিয়ে যাওয়ার সময় রাজুর সমর্থকরা পুলিশের ওপর হামলা চালিয়ে ছিনিয়ে নিয়ে যায়। পুলিশের ওপর হামলা, পুলিশের কাজে বাধা প্রদান করার অভিযোগে মামলা করা হয়। মামলায় ২২৭ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের রবিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

কমলনগর উপজেলা আওয়ামী লীগ নেতা আশরাফ উদ্দিন রাজন রাজুকে গত শনিবার দুপুর ১২টার দিকে চরকাদিরা ইউনিয়নের চরঠিকা গ্রাম থেকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় রাজুর কর্মী-সমর্থকরা জড়ো হয়ে পুলিশকে অবরুদ্ধ করে রাজুকে হাতকড়া পরা অবস্থায় ছিনিয়ে নিয়ে যায়। রাজুর বিরুদ্ধে থানায় ডাকাতিসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। ওইসব মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত