আসন্ন ঈদুল আযহায় কোরবানির পশুর বর্জ্য ও ডেঙ্গু মশা নিয়ন্ত্রণের কার্যক্রমের বিষয়ে বাংলাদেশ সেনাবাহিনী অবগত নয় এবং ভবিষ্যতেও এ ধরণের কার্যক্রমে সেনাবাহিনীর সম্পৃক্ত হওয়ার পরিকল্পনা নেই বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
মঙ্গলবার (২৭ মে) আইএসপিআর’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আইএসপিআর’র সহকারী পরিচালক রাশেদুল আলম খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত ঢাকা উত্তর সিটি করপোরেশন প্রশাসক তার এক বক্তব্যে জানান যে, আসন্ন ঈদুল আযহায় কোরবানির পশুর বর্জ্য ব্যবস্থাপনা এবং ডেঙ্গু মশা নিয়ন্ত্রণের দায়িত্বে সেনাবাহিনী নিয়োগ করা হবে। সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী এ ধরনের কোনো কার্যক্রমের বিষয়ে অবগত নয় এবং ভবিষ্যতেও এ ধরণের কোনো কার্যক্রমের সাথে সম্পৃক্ত হবার পরিকল্পনা নেই।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্তমান প্রেক্ষাপটে সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব ও জননিরাপত্তা নিশ্চিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ ধরনের কার্যক্রম পরিচালনার জন্য সংশ্লিষ্ট ও উপযুক্ত সংস্থাসমূহকে দায়িত্ব প্রদান করাই যৌক্তিক বলে বাংলাদেশ সেনাবাহিনী মনে করে।