পুশইন চেষ্টা ব্যর্থ, ১২ জনকে ফিরিয়ে নিয়েছে বিএসএফ

আপডেট : ১৬ জুন ২০২৬, ০৭:২৬ এএম

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবি ও স্থানীয়দের প্রতিরোধের মুখে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ হয়েছে। অপরদিকে লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে বিএসএফের পুশইনের একটি প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে বিজিবি ও স্থানীয় জনতা। দৈনিক দেশ রূপান্তরের প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন

কুষ্টিয়া : কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবি ও স্থানীয়দের প্রতিরোধের মুখে ৭৮ ঘণ্টা পর দুই দেশের সীমান্তের শূন্যরেখায় অবস্থান করা ভুক্তভোগী ১২ নারী-শিশু ও পুরুষকে ফিরিয়ে নিয়েছে বিএসএফ। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে প্রাগপুর সীমান্তের ১৪৮/৩-এস পিলারসংলগ্ন এলাকায় বিজিবি ও বিএসএফের মধ্যে আবারও পতাকা বৈঠকের মধ্য দিয়ে গৃহীত সিদ্ধান্তে ওই ১২ জনকে শূন্যরেখা থেকে প্রত্যাহার করে নিয়ে যায় বিএসএফ। বিষয়টি বিজিবি সূত্রে নিশ্চিত করেছে।  

বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া ৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, গতকাল সকালে বিজিবি ও বিএসএফের অফিসার পর্যায়ে শান্তিপূর্ণভাবে পতাকা বৈঠক অনুষ্ঠিত সিদ্ধান্ত মতে সীমান্তের শূন্যরেখায় আটকে থাকা ১২ জনকে বিএসএফ প্রত্যাহার করে নিয়েছে।

লালমনিরহাট : লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে বিএসএফ কর্তৃক পুশইনের একটি প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে বিজিবি ও স্থানীয় জনতা। এ সময় পুশইনে ব্যর্থ হয়ে বিএসএফ সীমান্ত এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে বলে গুরুতর অভিযোগ উঠেছে। গত রবিবার রাত সাড়ে ৯টার দিকে পাটগ্রাম উপজেলার কালীরহাট সীমান্তে এ ঘটনা ঘটে। গতকাল সকালে ৬১ বিজিবি ব্যাটালিয়নের (তিস্তা-২) সহকারী পরিচালক (এডি) আব্দুর রাজ্জাক পুশইনের চেষ্টা ও তা প্রতিহত করার বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি ও সীমান্ত সূত্র জানায়, গত রবিবার রাত ৯টার দিকে ওই সীমান্তে ভারতের কাঁটাতারের বেড়ার সঙ্গে স্থাপিত শক্তিশালী সার্চলাইটগুলো হঠাৎ বন্ধ করে দেয় বিএসএফ। এর কিছুক্ষণ পর ভারতের ১৫৬ বিএসএফ ব্যাটালিয়নের দাওয়ারিমারী ক্যাম্পের টহল সদস্যরা ৩ থেকে ৫ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে কাঁটাতারের গেট (ফটক) দিয়ে জোরপূর্বক বাংলাদেশে প্রবেশ করানোর (পুশইন) চেষ্টা চালায়। অভিযোগ উঠেছে, পুশইনের চেষ্টা ব্যর্থ হওয়ার পর বিএসএফ সদস্যরা পরপর দুটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। এরপর পুশইনের জন্য নিয়ে আসা ব্যক্তিদের পুনরায় ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায় তারা।

এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৬১ ব্যাটালিয়নের (তিস্তা-২) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনীম বলেন, ‘তিনজন ব্যক্তিকে ভারতের অভ্যন্তর থেকে এনে কাঁটাতারের বেড়ার সার্চলাইট বন্ধ করে গেট দিয়ে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছিল বিএসএফ। তবে বিজিবির অত্যন্ত সক্রিয় ও কড়া অবস্থানের কারণে কোনো পুশইনের ঘটনা ঘটতে পারেনি। সীমান্তজুড়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত