দেশ জুড়ে বড় পরিসরে আন্দোলনের জন্য প্রস্তুতি নিতে নিজ রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের সর্বস্তরের নেতাকর্মীকে নির্দেশ দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও কারাবন্দি নেতা ইমরান খান। সোমবার পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের আদিয়ালা কারাগারে ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ শেষে তার মুখপাত্র হিসেবে এ তথ্য জানিয়েছেন তার বোন আলিমা খান। একই সঙ্গে পিটিআইয়ের যেসব নেতাকর্মী গোপনে সরকারের সঙ্গে আঁতাত করছেন, তাদেরও কঠোর হুঁশিয়ারি দিয়েছেন পিটিআইয়ের প্রতিষ্ঠাতা। ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ শেষে কারাগারের ফটকের সামনে সাংবাদিকদের বলেন, পিটিআইয়ের সর্বস্তরের নেতাকর্মীদের উদ্দেশেও জরুরি বার্তা দিয়েছেন ইমরান খান। দেশ জুড়ে বড় আন্দোলন সংগঠিত করার জন্য নেতাকর্মীদের প্রস্তুতি নিতে বলেছেন তিনি। পাশাপাশি দলের যেসব নেতাকর্মী সরকারের সঙ্গে হাত মেলাচ্ছেন, তাদের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, যারা উইকেটের দুই পাশেই খেলতে চায়, দলের মধ্যে তাদের জায়গা হবে না। আলিমা খান আরও বলেন, ইমরান জানিয়েছেন, সরকারের সঙ্গে কোনো ধরনের আপসে যাওয়ার ইচ্ছে বা পরিকল্পনা তার নেই। এ সময় ক্ষমতাসীন বর্তমান সরকার ইমরান খানের সঙ্গে চরম নিপীড়নমূলক আচরণের অভিযোগ তোলেন আলিমা। এদিকে দলীয় সূত্রে জানা গেছে, কারাগার থেকে ইমরান খান আন্দোলনের আহ্বান জানালেও তার দল পিটিআইয়ের হাইকমান্ড সরকারের সঙ্গে সংলাপের জন্য চেষ্টা। এই সংলাপ বা সমঝোতার মূল উদ্দেশ্য ইমরান খানের কারামুক্তি। সরকারের সঙ্গে আনুষ্ঠানিক সংলাপ এখনো শুরু না হলেও, অনানুষ্ঠানিকভাবে কিছু আলাপ-আলোচনা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। সরকারের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনায় পিটিআইয়ের নেতৃত্ব দিচ্ছেন ইমরান খানের একসময়ের আইনজীবী এবং বর্তমানে দলটির চেয়ারম্যান ব্যারিস্টার গওহর খান। সম্প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের খাইবার পাখতুনখাওয়া এবং তথ্যবিষয়ক উপদেষ্টা মুহম্মদ আলী সাইফ গত সপ্তাহে আদিয়ালা কারাগারে ইমরান খানের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। সেই সাক্ষাতে তিনি সরকারের সঙ্গে সংলাপের জন্য ইমরান খানকে প্রস্তাব দিয়েছেন এবং পিটিআইয়ের প্রতিষ্ঠাতা তাতে প্রাথমিক সম্মতিও দিয়েছিলেন।
×
