মানিকগঞ্জের সাটুরিয়ায় উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের একটি ইট ভাটার ধোয়ায় নষ্ট হয়ে যাওয়া ফসলের ক্ষতিপূরণের দাবিতে ক্ষতিগ্রস্ত কৃষকরা গতকাল মঙ্গলবার সকাল থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন। ক্ষতিপূরণের টাকা না পাওয়া পর্যন্ত তারা অবস্থান করবেন বলে জানিয়েছেন ভুক্তভোগী কৃষকরা।
সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেন বলেন, কৃষকদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।
ভুক্তভোগী কৃষক মো. শামীম বলেন, ক্ষতিপূরণের টাকা না পাওয়া পর্যন্ত আমরা ইউএনও অফিস ত্যাগ করব না। গত ২০ মে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ফুকুরহাটি ইউনিয়নের কান্দাপাড়া গ্রামেন মেসার্স যমুনা ব্রিকস ফিল্ডকে এক লাখ টাকা জরিমানাসহ বন্ধ করে দেন ইটভাটার সব কার্যক্রম ও বৈদ্যুতিক সংযোগ বিচ্ছন্ন করা হয়। এ নিয়ে গঠিত তদন্ত কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে ইউএনও কৃষকের ক্ষতির অর্ধেক অর্থাৎ সাড়ে ৮ লাখ টাকা ২১ মে দুপুরের মধ্যে পরিশোধ করতে ভাটার মালিক পক্ষকে নির্দেশ দেন। কিন্তু ঘটনার ৭ দিন পার হলেও টাকা পরিশোধ না করায় ক্ষতিগ্রস্ত কৃষকরা এ কর্মসূচি পালন করেন। তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ জমা দেন।
