ওয়ার্ল্ড বোলিং লিগে যুক্ত হলেন বিরাট কোহলি

আপডেট : ২৮ মে ২০২৫, ০৭:৩২ পিএম

চলতি আইপিএলে উড়ছেন বিরাট কোহলি। ছয় শতাধিক রান করে ফেলেছেন ভারতের ব্যাটিং কিং। তার দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু উঠে গেছে প্লে অফে। এর মাঝেই তিনি নতুন এক লিগে নাম লেখালেন। ওয়ার্ল্ড বোলিং লিগ বা ডব্লিউবিএলের প্রথম মৌসুমের ‘স্ট্র্যাটেজিক ইনভেস্টর’ করা হয়েছে কোহলিকে।

লিগ স্পোর্টস কোম্পানির উদ্যোগে শুরু হতে যাওয়া ডব্লিউবিএল সম্প্রতি এমএলবি সুপারস্টার এবং ৩ বারের ওয়ার্ল্ড সিরিজ চ্যাম্পিয়ন মুকি বেটসের টিম ওএমজিকে লিগের প্রথম ফ্র্যাঞ্চাইজি হিসেবে ঘোষণা করেছে। এই লিগের প্রচার ও প্রসারে কাজ করবেন কোহলি। ডব্লিউবিএলের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।

লিগ স্পোর্টস কোম্পানির প্রতিষ্ঠাতা এবং সিইও আদি কে মিশ্র বলেন, ‘যখন আবিষ্কার করি, তখনই কোহলিকে ডব্লিউবিএলে যুক্ত করার কথা ভাবি। খেলাধুলার প্রতি বিরাটের অবদান আমাদের অনুপ্রেরণা। এটাকেই আমরা কাজে লাগাতে চাই। বোলিং একটা ঘুমন্ত দৈত্যের মতো। আমরা তাকে জাগানোর জন্য প্রস্তুত। বোলিংয়ের বিশ্বব্যাপী উন্নতিই আমাদের লক্ষ্য।’

ডব্লিউবিএলে যুক্ত হতে পেরে কোহলিও খুশি। তিনি বলেছেন, ‘১১ বছর বয়স থেকে প্রথম বোলিং শুরু করি। ১২ বছর বয়স থেকে স্পিন করি। বোলিংকে তুলে আনার ক্ষেত্রে আদি কে মিশ্রের অভূতপূর্ব অবদান রয়েছে। এই লিগের সঙ্গে যুক্ত হতে পেরে খুবই খুশি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত