উপদেষ্টা আদিলুর রহমান খান

তরুণদের মাধ্যমে মানবিক নগর গঠিত হবে

আপডেট : ২৯ মে ২০২৫, ০৭:২৪ এএম

তরুণদের মাধ্যমে সমতাভিত্তিক ও মানবিক নগর গঠিত হবে বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। গতকাল রাজধানীর আগারগাঁওয়ের স্থাপত্য অধিদপ্তরে ‘টেকসই নগর পরিকল্পনায় তরুণদের ভাবনা-২০২৫’ শীর্ষক জাতীয় প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

আদিলুর রহমান খান বলেন, ‘টেকসই নগর পরিকল্পনায় তরুণদের ভাবনা’ প্রতিযোগিতার মাধ্যমে তরুণ প্রকৌশলী ও নগর পরিকল্পনাবিদরা তাদের চিন্তা ও পরিকল্পনা দিয়ে নগরায়ণকে মানবিক, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছে।

নগর উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (অতিরিক্ত সচিব) মো. মাহমুদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হাসিব চৌধুরী এবং মো. স্থাপত্য অধিদপ্তরের মহাপরিচালক মীর মঞ্জুরুর রহমান বক্তৃতা করেন।

আলোচ্য প্রতিযোগিতার জন্য ‘নগর ও অঞ্চল/ গ্রামীণ পরিকল্পনা’ এবং ‘আরবান ডিজাইন’ দুটি থিম নির্ধারণ করা হয়। দেশের স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল/ গ্রামীণ পরিকল্পনা বিভাগে / স্থাপত্য বিভাগে অধ্যয়নরত শিক্ষার্থীরা অংশগ্রহণ করে এবং মোট ৬০টি আইডিয়ার বিষয়ে আবেদন পাওয়া যায়। প্রাপ্ত আইডিয়াসমূহ বাছাইয়ের লক্ষ্যে প্রতিযোগীদের আইডিয়াসমূহ উপস্থাপনার ওপর ভিত্তি করে বিচারকরা প্রাথমিক ও চূড়ান্তভাবে মূল্যায়ন করেন। আইডিয়াসমূহ মূল্যায়নের ভিত্তিতে থিম-১ থেকে ৩টি আইডিয়া এবং থিম-২ থেকে ৩টি আইডিয়া চূড়ান্তভাবে বাছাই করা হয়।

নগর ও অঞ্চল/ গ্রামীণ পরিকল্পনা থিমে প্রথম স্থান অর্জন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের নাফিজা বিনতে হাসান। আরবান ডিজাইন থিমে প্রথম স্থান অর্জন করেন রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের মো. সাজ্জাদুল ইসলাম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত