বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে নিয়োজিত সদস্যদের সম্মান জানাতে গতকাল বৃহস্পতিবার যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হলো আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৫। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিনটি গভীর শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়।
দিবসটি উপলক্ষে আলাদা বাণী দিয়েছেন রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা, তিন বাহিনীর প্রধান, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, পুলিশের মহাপরিদর্শক, জাতিসংঘ মহাসচিব ও বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দিবসের মূল আয়োজন॥অনুষ্ঠিত হয় রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। বেলা ১১টায় শুরু হওয়া এই আয়োজনে আহত শান্তিরক্ষীদের সংবর্ধনা দেওয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্তব্যরত অবস্থায় শাহাদাতবরণকারী সদস্যদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রম বিষয়ে একটি বিশেষ উপস্থাপনাও তুলে ধরা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। বক্তব্য দেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব মো. রুহুল আলম সিদ্দিকী এবং বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সমাপনী বক্তব্যে অর্থ উপদেষ্টা শান্তিরক্ষীদের সাহসিকতা ও পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করেন এবং ভিটিসির (ভিডিও কনফারেন্স) মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তে দায়িত্বরত শান্তিরক্ষীদের সঙ্গে মতবিনিময় করেন।
এর আগে ভোর সোয়া ৬টায় ঢাকার তেজগাঁওয়ে পুরনো বিমানবন্দর মসজিদ এলাকা থেকে ‘শান্তিরক্ষী র্যালি-২০২৫’ আয়োজনের মাধ্যমে দিবসের সূচনা হয়। এ কর্মসূচির উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। র্যালিতে অংশ নেন সশস্ত্র বাহিনী ও পুলিশ সদস্য, জাতিসংঘ সংস্থা, পররাষ্ট্র মন্ত্রণালয় ও অন্যান্য আন্তঃবাহিনী প্রতিনিধিরা। একই ধরনের র্যালি অনুষ্ঠিত হয় দেশের অন্যান্য বিভাগীয় শহরেও।
দিবসটি উপলক্ষে জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশি শান্তিরক্ষীদের অবদান তুলে ধরে প্রকাশিত হয় বিশেষ জার্নাল ও জাতীয় দৈনিকগুলোয় ক্রোড়পত্র। পাশাপাশি বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার এবং বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোতে প্রচারিত হচ্ছে বিশেষ টকশো।
