নির্বাচিত সরকারের প্রতি যাদের আস্থা নেই, তাদের জনগণের হয়ে কথা বলার অধিকার নেই বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ। গতকাল বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরম খাঁ হলে ২০২৫-২৬ অর্থবছরের সংক্ষিপ্ত বাজেট প্রস্তাব নিয়ে এনডিএম আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ইঙ্গিত করে ববি হাজ্জাজ বলেন, ‘খাওয়া আগে না কাপড় পরা আগে, এটা কি আসলে কোনো রিজেনেবল আলোচনা? একটার সঙ্গে আরেকটির কী সম্পর্ক? একটি সরকারের অনেক দায়িত্ব থাকে। আপনি যদি বলেন, নির্বাচন আগে না ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেব আগে। কোনটা আগে? ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া নাকি ঘরে ঘরে গ্যাস পৌঁছে দেওয়া? ঘরে ঘরে গ্যাস পৌঁছে দেওয়া নাকি রাস্তায় ট্রাফিক কন্ট্রোল করা? রাস্তায় ট্রাফিক কন্ট্রোল নাকি পুলিশ প্রশাসন সুন্দর করা, যাতে মানুষ আইনশৃঙ্খলা ব্যবস্থা সুন্দর দেখতে পান? এ ধরনের প্রশ্ন করলে আপনি কি সরকারের কথা শুনতেন, মানতেন? তাহলে এ কথা কেন মেনে নেন?’
তিনি বলেন, ‘কিছু তরুণ যারা দুনিয়া দেখেনি, যারা জীবনে কখনো চাকরি করেনি, ব্যবসা করেনি, রাজনীতি করেনি, কিচ্ছু করেনি, একটি চাকরি চালাতে দিলে পারবে কি না আপনি জানেন না, হয়তো পারবে, কিন্তু আপনি জানেন না।’
