মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া সংরক্ষিত বন অতিক্রম করার সময় একটি বড় গাছের সঙ্গে ধাক্কা খায় সিলেট থেকে ঢাকাগামী আন্তঃনগর কালনী এক্সপ্রেস ট্রেন। এতে ট্রেনটির লোকোমোটিভ ইঞ্জিনের সামনের অংশ আঘাতপ্রাপ্ত হলেও অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় যাত্রীরা। গতকাল বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। ভোরে ঝড়ো হাওয়ায় লাউয়াছড়া বনের একটি পুরনো গাছ রেললাইনের ওপর হেলে পড়ে। ট্রেনটি দ্রুতগতিতে চলছিল, তবে চালকের তাৎক্ষণিক দক্ষতার কারণে বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।
ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার গৌড়প্রসন্ন দাস পলাশ জানান, এ ঘটনায় ট্রেনের ইঞ্জিন কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি। ঘটনার পরপরই রেলওয়ে কর্তৃপক্ষ ও বন বিভাগ মিলে রেললাইনের ওপর থেকে গাছ ও ডালপালা অপসারণ করে। সকাল সাড়ে ৯টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
মৌলভীবাজার বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল বলেন, খবর পেয়ে গাছটি অপসারণ করা হয়েছে। লাউয়াছড়ায় অনেক গাছ পুরনো হয়ে যাওয়ায় বৃষ্টির সময় মাটি সরে গিয়ে এ ধরনের ঘটনা ঘটে থাকে।
