বাংলাদেশকে গুঁড়িয়ে দিয়ে পাকিস্তান দলে প্রত্যাবর্তনের দিনে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন হাসান আলী। কিন্তু মাঠের জয়ের আনন্দটা সেভাবে উপভোগ করতে পারেননি এই পেসার। কারণ, একই রাতে তার মা গুজরানওয়ালায় ছিনতাইয়ের শিকার হয়েছেন।
ডন পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, গুজরানওয়ালা সিটি পুলিশ কর্মকর্তা (সিপিও) মুহাম্মদ আয়াজ সালিম জানিয়েছেন—হাসানের মা রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন, ছেলের সঙ্গে বাজারে যাওয়ার জন্য। এ সময় এক মোটরসাইকেল আরোহী হঠাৎ এসে তার হাতের ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
ঘটনাটি ঘটেছে হাসনাইন সিটির আশপাশের এলাকায়। ব্যাগে ২ লাখ ৩০ হাজার রুপি ছিল বলে জানিয়েছেন হাসানের ভাই খুররম আলী।
এই ঘটনায় পাকিস্তান পেনাল কোডের ৩৫৬ ও ৩৭৯ ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। সিপিও সালিম আরও জানান, ‘অপরাধীকে ধরতে পুলিশের একটি বিশেষ দল গঠন করা হয়েছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ ও জিও-ফেন্সিং ইতোমধ্যেই সংগ্রহ করা হয়েছে। খুব দ্রুত অপরাধীকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।’
উল্লেখ্য, এক বছর পর জাতীয় দলে ফেরা হাসান পরশু রাতে বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ২২ রানে ৫ উইকেট নেন। টি–টোয়েন্টিতে এটি তার প্রথম পাঁচ উইকেট পাওয়া। পাকিস্তানের হয়ে এই ফরম্যাটে এর আগে উমর গুল, সুফিয়ান মুকিম ও ইমাদ ওয়াসিমই কেবল ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখিয়েছেন।
২০২৩ সালের ১৪ মে আয়ারল্যান্ডের বিপক্ষে ডাবলিনে ছিল হাসানের সর্বশেষ টি–টোয়েন্টি ম্যাচ। প্রায় এক বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে দুর্দান্ত কামব্যাক করলেও, মায়ের ছিনতাইয়ের ঘটনায় সেই রাত তার জন্য স্মরণীয় হয়ে থাকলেও, আনন্দময় নয়।
হুমকি ভুলে রোজারিও সেন্ট্রালেই ফিরলেন ডি মারিয়া
আমাকে জোরপূর্বক পদচ্যুত করা হয়েছে, তা এরই মধ্যে আইসিসিকে জানিয়েছি: ফারুক