বিসিবিতে এলেন বুলবুল; শুরু হয়েছে সভা

আপডেট : ৩০ মে ২০২৫, ০৫:৪২ পিএম

রুদ্ধশ্বাস নাটকীয়তার শেষভাগের শেষ অংক দেখার অপেক্ষায় দেশের ক্রিকেটাঙ্গন। ফারুক আহমেদের জায়গায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হতে যাচ্ছেন আমিনুল ইসলাম বুলবুল। ইতোমধ্যেই তাকে আনুষ্ঠানিকভাবে কাউন্সিলর হিসেবে মনোনয়ন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনসিএ)।

আজ শুক্রবার বিকেলে বিসিবিতে বিসিবির পরিচালনা পর্ষদের জরুরি সভা ডাকা হয়েছে। আগামীকাল শনিবার বিসিবির একটি পূর্ব নির্ধারিত সভা ছিল। কিন্তু নানা ঘটনাপ্রবাহে সেই সভা বাতিল করে এগিয়ে আনা হয়। আজকের এই সভাতেই নতুন বিসিবি সভাপতি হিসেবে মসনদে বসতে যাচ্ছেন আমিনুল ইসলাম বুলবুল। ছবি: মোশারফ ভুবন

জাতীয় দলের সাবেক অধিনায়ক বুলবুল ইতোমধ্যেই মিরপুর শেরেবাংলায় পৌঁছেছেন। বিসিবির পরিচালক-কর্মকর্তারা তাকে সাদরে বরণ করে নিয়েছেন। সর্বশেষ পাওয়া খবরে পরিচালনা পর্ষদের সভা চলছে। সভা শেষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। ধারণা করা হচ্ছে, সেখানেই হয়তো নতুন বিসিবি সভাপতি হিসেবে কথা বলবেন আমিনুল ইসলাম বুলবুল।

এর আগে গতকাল বৃহস্পতিবার রাত ১১টায় সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিসিবি পরিচালক হিসেবে ফারুক আহমেদের মনোনয়ন বাতিল করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। তার বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মসহ বেশ কিছু অভিযোগও আনা হয়েছে। এর প্রেক্ষিতে আইসিসির কাছে নালিশ করেছেন ফারুক আহমেদ। আইসিসি এখন কী পদক্ষেপ নেয়, সেটাও দেখার বিষয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত